যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে পরীক্ষা শুরু হওয়ার কিছু সময় পরই এ সিদ্ধান্ত জানানো হয়। এর প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও টেকনিক্যাল মোড়সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা।
অবরোধের কারণে মিরপুর সড়ক ও মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন কর্মজীবী নগরবাসী। অবরোধ চলাকালে পরীক্ষার্থীরা প্রশ্ন ফাঁসের প্রতিবাদে স্লোগান দেন।
মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং মোড়ে কথা হয় বগুড়া থেকে আসা পরীক্ষার্থী মো. শাহাদাত হোসেনের সঙ্গে। তিনি বলেন, “সারা রাত বাসে করে সকালে ঢাকায় এসেছি। রাস্তায় ভোগান্তি পোহাতে হয়েছে। কষ্ট করে পরীক্ষা দিতে এসেছি। বেলা ১১টায় পরীক্ষার খাতা দেওয়া হয়েছে। প্রশ্ন দেওয়ার আগেই শিক্ষকেরা বললেন, সবাই চলে যান, পরীক্ষা হবে না।”
আন্দোলনরত পরীক্ষার্থীদের ভাষ্য, পরীক্ষা কেন্দ্রগুলোতে কোনো সমন্বয় ছিল না। তাঁরা বলছেন, কেউ কেউ প্রশ্ন পেয়ে পরীক্ষা শুরু করেছেন। আবার অনেক কেন্দ্রে খাতা দেওয়া হলেও প্রশ্ন দেওয়ার আগেই পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবরোধকারীদের পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো:
১. প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
২. দূর থেকে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে।
৩. আগামী ১৫ দিনের মধ্যে পরীক্ষা নিতে হবে।
তাঁরা জানান, দাবি বাস্তবায়নের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, “আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছি। তাঁরা কিছু দাবি জানিয়েছেন। আন্দোলনকারীদের বাইরে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।”
চলমান বার্তা ডেস্ক : 




















