মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে পিস্তল হাতে একদল লোককে ধাওয়া করতে দেখা গেছে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে। এ ঘটনায় কোনো আইনের ব্যত্যয় হয়ে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৮ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন হয়। সেখানে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি মূল্যায়নের জন্য মন্তব্য করার সময় এখনো আসেনি। সংশ্লিষ্ট উপপুলিশ কমিশনার পুরো বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন দেবেন। সেই প্রতিবেদনে আইনের ব্যত্যয় পাওয়া গেলে ডিএমপি আইনগত ব্যবস্থা নেবে।
একজন প্রতিমন্ত্রী অভিযানে পুলিশের মতো দায়িত্ব পালন করতে পারেন কি না, এ প্রশ্নে ডিবিপ্রধান মন্তব্য করতে চাননি।
ভিডিওতে যা দেখা গেছে
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে ইশরাক হোসেনের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, তিনি গাড়ি থেকে নেমে এক হাতে হ্যান্ড মাইক, অন্য হাতে পিস্তল নিয়ে একদল লোকের পেছনে ছুটছেন। এক পর্যায়ে পিস্তলের স্লাইড টেনে লোকগুলোর দিকে অস্ত্র তাক করে ‘অ্যাই দাঁড়া, দাঁড়া’ বলে চিৎকার করেন তিনি। সাদা পোশাকের আরেকজনকেও অস্ত্র হাতে লোকজনের পেছনে ছুটতে দেখা যায়। জানা গেছে, ঘটনাটি রাজধানীর গেণ্ডারিয়া রেললাইন-সংলগ্ন এলাকায় অভিযান চলাকালে ঘটেছে।
পেজের পোস্টে ঘোষণা
শনিবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ইশরাক হোসেনের ফেসবুক পেজে আরেকটি পোস্ট দেওয়া হয়। তাতে বলা হয়, ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে। পোস্টে আরও বলা হয়, মাদক কারবারি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে না। নিজের দলের কেউ জড়িত থাকলে তাঁর শাস্তি আরও কঠোর হবে বলে ঘোষণা দেন ইশরাক হোসেন। পোস্টে উল্লেখ আছে, এর আগেও তিনি এই আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন। অভিযান অব্যাহত রাখার পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতাও চেয়েছেন তিনি।
শিরোনাম :
প্রতিমন্ত্রীর অস্ত্র হাতের ঘটনায় আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা’: ডিবিপ্রধান
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ০১:৫১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- 36
জনপ্রিয় সংবাদ





















