সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে জিম্বাবুয়ে। হারারেতে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে স্বাগতিকরা। দুর্দান্ত এক সেঞ্চুরিতে ইনিংসের মূল ভিত্তি গড়ে দেন ওপেনার বেন কারান।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরুটাও ছিল স্বপ্নের মতো। প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে বোল্ড করেন তাসকিন আহমেদ। এরপর ইনোসেন্ট কাইয়াকেও ফিরিয়ে দিয়ে জিম্বাবুয়েকে চাপে ফেলেন এই পেসার। কিছুক্ষণ পর নাহিদ রানার গতিময় ইয়র্কারে সাজঘরে ফেরেন ক্রেইগ আরভিন।
তিন উইকেট দ্রুত হারিয়ে বিপাকে পড়া জিম্বাবুয়েকে ধীরে ধীরে ম্যাচে ফেরান বেন কারান। এক প্রান্ত আগলে রেখে তিনি দারুণ ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে ইনিংস গড়ে তোলেন। ওয়েসলি মাধাভেরে ও পরে সিকান্দার রাজার সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের ভিত শক্ত করেন তিনি। মাধাভেরে ও রাজাকে ফেরান মেহেদী হাসান মিরাজ, আর ক্লিভে মান্দান্ধেকে আউট করেন রিশাদ হোসেন।
ইনিংসের শেষভাগে বেন কারানের সঙ্গে ঝড় তোলেন ব্র্যাড ইভান্স। শেষ ওভারে তাসকিন আহমেদের বিপক্ষে ২২ রান তুলে জিম্বাবুয়ের সংগ্রহকে আরও শক্তিশালী করেন তিনি। ইভান্স ৩৮ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন, আর বেন কারান ১৩৫ বলে ১১১ রানে অপরাজিত থেকে ওয়ানডে ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় সেঞ্চুরি তুলে নেন।
আগের ম্যাচে মাত্র ১৪২ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। ফলে সিরিজে টিকে থাকতে হলে এবার ২৪৮ রানের লক্ষ্য পেরিয়ে জয় তুলে আনতে হবে মেহেদী হাসান মিরাজের দলকে।
চলমান বার্তা ডেস্ক : 




















