শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় মোট ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে তাঁরা সতর্ক অবস্থানে আছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করছেন।
কোথায় কত সদস্য
বিজিবির তথ্য অনুযায়ী, ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন সদস্য রয়েছেন। এ ছাড়া নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম চলছে।
নজরদারি যেভাবে
শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি কাছ থেকে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিজিবি। বাহিনীর সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক দেখা হচ্ছে।
বিজিবি জানায়, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে টহল ও নজরদারি অব্যাহত থাকবে।
সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
নিজস্ব প্রতিবেদক 



















