রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করা হয়েছে। মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গতকাল রোববার (২৯ মার্চ) গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করে।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম আফজাল নাছেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আফজাল নাছেরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়। ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে যোগ দেন তিনি। ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত তিনি ডিজিএফআইতে দায়িত্ব পালন করেন।
গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র জানিয়েছে, এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 




















