গ্রুপ পর্বের হিসাব
এবারের আসরে গ্রুপ পর্বে দাপট দেখিয়েছে স্বাগতিকেরা। প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে শুরু, পরে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া। দুই ম্যাচে পাঁচ গোল করে, কোনো গোল না খেয়ে গ্রুপসেরা হয়েছে বাংলাদেশ।
পাকিস্তানের পথ ছিল কিছুটা এবড়োখেবড়ো। ভারতের কাছে ২-৩ গোলে হারলেও মালদ্বীপকে তারা হারিয়েছে ৩-০ গোলে। আক্রমণের গতি, শারীরিক সক্ষমতা আর বিদেশের লিগে খেলা ফুটবলারদের যোগ দেওয়া দলটিকে আরও শক্তিশালী করেছে।
পাকিস্তানের বিদেশি শক্তি
পাকিস্তান দলে যোগ দিয়েছেন বিদেশে খেলা পাঁচ ফুটবলার: আবদুল্লাহ ইকবাল, ঈসা সুলিমান, আদিল নবী, আলি আকবর খান ও আবদুল সামাদ। অধিনায়ক ইউসুফ বাট জানিয়েছেন, তাঁরা কোনো একজন খেলোয়াড়কে নয়, পুরো বাংলাদেশ দলকেই গুরুত্ব দিচ্ছেন।
কোচ যা বললেন
গতকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনের ফাঁকে বাংলাদেশ কোচ থমাস ডুলির কথায় ছিল প্রতিপক্ষের প্রতি সমীহ। তিনি বলেন, ‘আমি শুরু থেকেই বলে আসছি, প্রতিটি দলই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিপজ্জনক। এখন পাকিস্তানের বিপক্ষে খেলাটাই সম্ভবত সবচেয়ে কঠিন হবে। ওরা খুব শক্তিশালী।’ বিদেশে খেলা পাঁচজন সম্পর্কে তাঁর মূল্যায়ন, তাঁরা ইউরোপের উচ্চতর স্তরে খেলেন বলে তাঁদের সামলানো কঠিন হবে। তবু তাঁর কথা, ‘আমাদের কাছে এই ম্যাচটিই ফাইনাল।’
শ্রীলঙ্কা ম্যাচের পারফরম্যান্সের পুনরাবৃত্তিই চান ডুলি। তাঁর ভাষায়, ‘আমাদের লড়াই করতে হবে। সমর্থকদের দেখাতে হবে যে আমরা লড়াকু ফুটবল খেলতে পারি। আর পাকিস্তানকেও দেখাতে হবে যে আমাদের হারানো সহজ নয়। ওদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে।’
বিশ্রামের ব্যবধান ও একটি বড় অনুপস্থিতি
সেমিফাইনালের আগে পাকিস্তান পাঁচ দিন বিশ্রাম পেলেও বাংলাদেশ পেয়েছে মাত্র দুই দিন। ডুলির বিশ্বাস, এর প্রভাব মাঠে পড়বে না। ‘ম্যাচে অ্যাড্রেনালিন ও প্রাণশক্তি থাকলে এক দিন বা তিন দিন বিশ্রামে কোনো পার্থক্য হয় না,’ বলেন তিনি। তাঁর দাবি, দলের ভেতরে এখন কোনো ইগো নেই, সবাই একসঙ্গে কাজ করছে সাফ জয়ের লক্ষ্যে।
তবে ম্যাচের আগে বড় ধাক্কা রাইটব্যাক সাদ উদ্দিনের অনুপস্থিতি। তাঁর জায়গায় কাকে খেলানো হবে, তা ম্যাচের আগেই চূড়ান্ত হওয়ার কথা। কোচের বিশ্বাস, যিনিই আসুন, শূন্যস্থান পূরণ করতে পারবেন।
পরিসংখ্যানে বাংলাদেশ এগিয়ে
মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। ১৮ ম্যাচে জয় ৮টিতে, হার ৫টিতে, ড্র ৫টি। সাফ চ্যাম্পিয়নশিপে সাতবারের দেখায় বাংলাদেশের জয় তিনটি, ড্র দুটি, হার দুটি। গোল ব্যবধানেও (৭-৩) এগিয়ে লাল-সবুজেরা।
মাঝমাঠেই নির্ধারিত হতে পারে ম্যাচ
লড়াইটা হবে মূলত মাঝমাঠের নিয়ন্ত্রণ আর আক্রমণের কার্যকারিতা নিয়ে। খেলার গতি ধরে রাখা ও সুযোগ তৈরির দায়িত্ব থাকবে হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া ও সতীর্থদের কাঁধে। শ্রীলঙ্কার বিপক্ষে হামজার একটি গোল ও দুটি অ্যাসিস্ট তাঁর সামর্থ্যেরই প্রমাণ। অন্যদিকে গতি আর শারীরিক সক্ষমতায় বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করতে চাইবে পাকিস্তান। ঘরের মাঠের সমর্থন, হামজার নেতৃত্ব, জামালদের অভিজ্ঞতা আর আক্রমণের ধার কাজে লাগাতে পারলে ফাইনালের টিকিট পাওয়া অসম্ভব নয় বাংলাদেশের জন্য।
ক্রীড়া ডেস্ক : 




















