বিজ্ঞান আর সাহিত্য, দুই ভিন্ন জগতেই সমান স্বচ্ছন্দ ছিলেন পূরবী বসু। সেই বিজ্ঞানী ও কথাসাহিত্যিক আর নেই। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসায় মারা গেছেন তিনি। বয়স হয়েছিল ৭৭ বছর।
তার স্বামী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত জানান, দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগে ভুগছিলেন পূরবী। এর আগে স্ট্রোকও করেছিলেন তিনি। একসময় একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন, আর তখন থেকেই তার শারীরিক সমস্যার শুরু। ১৯৬৭ সালে জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে বিয়ে হয় তার। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে জন্ম পূরবী বসুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানে মেডিকেল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি করেন।
কর্মজীবনের বড় অংশ কেটেছে বিজ্ঞান গবেষণা ও স্বাস্থ্য খাতে। যুক্তরাষ্ট্রে মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার ও কর্নেল ইউনিভার্সিটিতে কাজ করেছেন তিনি। পরে দেশে ফিরে একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের উচ্চপদে যোগ দেন। ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালকের দায়িত্বও পালন করেছেন।
তবে পেশাগত পরিচয়ের বাইরেও বাংলা সাহিত্যে তার ছিল আলাদা একটি জায়গা। কথাসাহিত্য, প্রবন্ধ ও কবিতায় উঠে এসেছে নারীজীবনের নানা সংকট, নারীবাদী চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমাজের প্রান্তিক মানুষের অভিজ্ঞতা। বিভিন্ন শাখায় তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০টির বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য ‘নারী তুমি নিত্য’, ‘অবিনাশী যাত্রা’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ এবং ‘নারী দীপাবলী’।
সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৫ সালে অনন্যা সাহিত্য পুরস্কার পান পূরবী বসু। ২০১৩ সালে পান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।
চলমান বার্তা ডেস্ক : 




















