হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, ঘটনাস্থলে এর কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে তাদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামে ঘটনাটি ঘটে। মধ্যরাতে ফেসবুক লাইভে এসে মাহদী হাসান অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাঁদের বসতঘরের টিনের চালে পরপর দুটি পেট্রোল বোমা ছুড়েছে। এরপর তাঁর ছোট চাচা আনোয়ার আলীর ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরেকটি বোমা নিক্ষেপ করা হয়। সব মিলিয়ে তিনটি বোমার কথা তিনি বলেছেন। এতে মিটারটি পুড়ে গেছে।
মাহদী জানান, রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের নিয়ে তাঁরা ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই হঠাৎ টিনের চালের ওপর পরপর দুটি বিকট শব্দ হয়। কিছুক্ষণ পর চাচার ঘরের মিটারে আগুন ধরে যায়। পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে মিটারটি পুড়ে যেতে দেখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, মাহদীর বাড়ির সামনে থাকা তাঁর চাচার ঘরের ওই মিটার থেকে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, সেই মিটারেই শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ওসি আরও বলেন, আগুন জ্বলতে দেখে মাহদীসহ পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে আসেন। লাইভে পেট্রোল বোমা নিক্ষেপের যে অভিযোগ তিনি করেছেন, ঘটনাস্থলে তার কোনো আলামত মেলেনি। ওসির ভাষ্য, মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের মতো কোনো ঘটনাও ঘটেনি।
চলমান বার্তা ডেস্ক : 




















