রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। তাঁদের ৮০ শতাংশই নারী। কথাটি জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট চিকিৎসক জুবাইদা রহমান।
শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) যুগপূর্তি অনুষ্ঠানে তিনি এ তথ্য দেন।
জুবাইদা রহমান বলেন, ‘বাংলাদেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যেগুলো প্রতিরোধ করা সম্ভব। তবে স্বাস্থ্য খাতে বছরের পর বছর অবহেলার কারণে এসব রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা যথাযথভাবে উৎসাহিত করা হয়নি।’ নতুন স্বাস্থ্যকর্মীরা দেশজুড়ে মানুষের কাছে স্বাস্থ্যবিষয়ক জ্ঞান ও রোগ প্রতিরোধের ব্যবস্থা পৌঁছে দিতে সহায়তা করবেন বলেও জানান তিনি। সুস্থ বাংলাদেশ গড়তে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা ও জনসাধারণের আস্থা অর্জনের ওপর জোর দেন তিনি। গত ১২ বছরে মানুষের কাছে বৈজ্ঞানিক জ্ঞান ও স্বাস্থ্যসেবার সমাধান পৌঁছে দিতে আইদেশির প্রচেষ্টার প্রশংসাও করেন জুবাইদা রহমান।
আইদেশির পথচলা
বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ফিরদৌসী কাদরীর প্রতিষ্ঠিত আইদেশি যাত্রা শুরু করেছিল বৈজ্ঞানিক গবেষণা ও মানুষের বাস্তব স্বাস্থ্যসেবার চাহিদার মধ্যকার ব্যবধান ঘোচানোর লক্ষ্য নিয়ে। ব্যক্তিগত পুরস্কার ও পুরস্কারের অর্থে একটি ছোট গবেষণাগার হিসেবে শুরু করা প্রতিষ্ঠানটি এখন ১০০ জনের বেশি সহকর্মী, সাবেক শিক্ষার্থী ও গবেষকের নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণাপত্র নিয়ে আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে ফিরদৌসী কাদরী বলেন, থ্যালাসেমিয়া, ক্যানসার শনাক্তকরণ ও জিনগত রোগ, বিশেষ করে জন্মগত বিপাকীয় ত্রুটি নিয়ে গবেষণাসহ জনস্বাস্থ্যের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে আইদেশি। শুধু গবেষণাগারে নয়, কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠীসহ দেশের বিভিন্ন এলাকায় মাঠপর্যায়েও প্রতিষ্ঠানটির কার্যক্রম আছে।
থ্যালাসেমিয়ার বাহক শনাক্তকরণ নিয়ে গবেষণা প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য উদ্যোগগুলোর একটি। দেশে এই রোগের বাহকের হার জানতে গবেষণাগারে পরীক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়, অলাভজনক প্রতিষ্ঠান ও কমিউনিটি সংগঠনের সহযোগিতায় সচেতনতামূলক প্রচার ও ব্যাপক পরীক্ষা কার্যক্রম চালিয়েছে আইদেশি।
কাদরী জানান, করোনাভাইরাস মহামারির সময় প্রতিষ্ঠানটি দ্রুত পরীক্ষার সক্ষমতা বাড়ায় এবং ভাইরাসের পরিবর্তন পর্যবেক্ষণের সক্ষমতা গড়ে তোলে। ওই অভিজ্ঞতায় জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশিক্ষিত গবেষণাগারকর্মী ও আগে থেকে গড়ে তোলা প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের গুরুত্ব স্পষ্ট হয়েছে। বর্তমানে সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ওষুধ কোম্পানি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে আইদেশি।
ভবিষ্যৎ গবেষণার অগ্রাধিকার হিসেবে মহামারি মোকাবিলার প্রস্তুতি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, ক্লিনিক্যাল ট্রায়াল এবং বাংলাদেশে নতুন চিকিৎসাপণ্য উদ্ভাবনের কথা বলেন তিনি। ওষুধ ও টিকা উদ্ভাবনের কাজ দ্রুততর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং ব্যবহারের পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
সরকারি কর্মকর্তাদের বক্তব্য
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী চিকিৎসক এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের স্বাস্থ্য খাতের সংস্কার কর্মসূচির কেন্দ্রে গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনকে রাখতে হবে। রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা, ওষুধশিল্পে উদ্ভাবন, ডিজিটাল স্বাস্থ্যসেবা এবং গবেষণা ও উন্নয়নের টেকসই পরিবেশ গড়ে তোলাকে তিনি অগ্রাধিকারের পাঁচটি ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস আইদেশিকে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে কৌশলগত অংশীদার বলে উল্লেখ করেন। আণবিক রোগ নির্ণয়, থ্যালাসেমিয়ার বাহক শনাক্তকরণ, সংক্রামক রোগ, টিকা গবেষণা এবং জরায়ুমুখ ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিষ্ঠানটির কাজের প্রশংসা করেন তিনি। তরুণ বিজ্ঞানী ও গবেষকদের প্রশিক্ষণে আইদেশির উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।
দিনব্যাপী এ আয়োজনে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, নারীর স্বাস্থ্য, বাংলাদেশে বায়োলজিক্যাল পণ্যের ভবিষ্যৎ, সংক্রামক রোগ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে টিকার ব্যবহার নিয়ে প্যানেল আলোচনা হয়। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন আইদেশির চেয়ারম্যান আশফাক কাদরী। বক্তব্য দেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদিরও।
নিজস্ব প্রতিবেদক 



















