বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) ‘দ্য মুসলিম ৫০০’ নামের এই তালিকা প্রকাশ করেছে। তালিকার রাজনৈতিক ব্যক্তিত্ব বা ‘পলিটিক্যাল’ বিভাগে তাঁর নাম রয়েছে।
প্রকাশনাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায় এবং রাষ্ট্রক্ষমতায় ফেরে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই বিভাগে রাখা হয়েছে।
এ তালিকায় বাংলাদেশের আরও একজনের নাম আছে। তিনি মানবাধিকারকর্মী ও গবেষক ড. হামিদা হোসেন, যিনি আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা। নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের জন্য তিনি নিয়মিত এই তালিকায় থাকছেন বলে জানানো হয়েছে।
প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের সক্ষমতার ভিত্তিতে তালিকাটি তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী কেবল শীর্ষ ৫০ জনকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে সাজানো হয়। বাকি ৪৫০ জনের কোনো র্যাঙ্কিং নেই। তাঁদের রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
এবারের সংস্করণে বাংলাদেশ থেকে তিনজন তালিকায় জায়গা পেয়েছেন। তাঁদের তিনজনই র্যাঙ্কিংবিহীন ৪৫০ জনের মধ্যে রয়েছেন।
সূত্র: দ্য মুসলিম ৫০০
নিজস্ব প্রতিবেদক 



















