আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের জন্য মিশ্র অভিজ্ঞতার। দুই ওপেনারের দুর্দান্ত শুরুর পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে দলটি বিপাকে পড়ে। শেষ বিকেলে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পুরোপুরি স্বস্তিতে নেই সফরকারীরা। আবুধাবিতে প্রথম দিন শেষে ৮৪ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান করেছে বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে ভালো সূচনা এনে দেন তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ১২৪ রান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৭১ বলে ৮৩ রান করেন তানজিদ, যাতে ছিল ছয়টি ছক্কা ও আটটি চার। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ইসমত আলমের বলে উইকেটকিপার ইকরাম আলিখিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
অন্য প্রান্তে ধৈর্য ধরে খেলা সাদমানও ফিফটি পূর্ণ করেন। তবে ইনিংস বড় করতে পারেননি। ১১১ বলে সাতটি চারে ৬৭ রান করে মোহাম্মদ সালিমের বলে জিয়াউর রহমানের দারুণ এক ক্যাচে আউট হন তিনি। এরপর মুমিনুল হকের সঙ্গে ৬০ রানের জুটি গড়লেও রান তোলার গতি কমে আসে।
৭০ বলে ৩৯ রান করে ইয়ামিন আহমদজাইয়ের বলে ক্যাচ দেন মুমিনুল। তাঁর পর দ্রুত বিদায় নেন মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুশফিক রানের খাতা খুলতে পারেননি, শান্ত করেন ২৯ রান। দলীয় ২০০ রান পেরোনোর পর মাত্র চার রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
সেই চাপ সামলাতে এগিয়ে আসেন লিটন ও মিরাজ। ষষ্ঠ উইকেটে দুজনের জুটিতে আসে পঞ্চাশের বেশি রান। ২৪ রান করে ইসমতের বলে বোল্ড হলে মিরাজের বিদায়ে ভাঙে সেই জুটি। পরে ৮৭ বলে ফিফটি পূর্ণ করেন লিটন। শেষ পর্যন্ত সালিমের বলে ক্যাচ দিয়ে ৫৩ রানে থামেন তিনি। এর পর সাফির বলে বোল্ড হন হাসান মাহমুদ।
দিন শেষে নাঈম হাসান ১১ ও তাইজুল ইসলাম ৪ রানে অপরাজিত আছেন। আফগানিস্তানের হয়ে ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ সালিম। দ্বিতীয় দিন সকালে নাঈম ও তাইজুলের ব্যাটে স্কোর আরও বাড়ানোই হবে বাংলাদেশের লক্ষ্য।
চলমান বার্তা ডেস্ক : 




















