ক্রিকেট ক্যারিয়ারের পাঠ চুকিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বয়সটাও পৌঁছেছে ৩৬ বছরে। এবারই প্রথম ভোট দিলেন।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে চট্টগ্রামের আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের ১৯ নম্বর বুথে নিজের ভোট দেন তামিম।
ভোট দেওয়া শেষে দেশসেরা এই ওপেনার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, জীবনের প্রথম ভোট দিলাম। ভোট ভালোই হচ্ছে। পছন্দের প্রার্থীকে একটি ভোটই দিয়েছি।
ভোটকেন্দ্রে তামিম ইকবালকে কেন্দ্র করে স্থানীয় ভোটার ও তরুণদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়। প্রিয় তারকাকে একনজর দেখতে এবং মুঠোফোনে ছবি তুলতে ভিড় জমান ভক্তরা।
ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তামিম বলেন, খুবই শান্ত ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আশা করছি সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।
পরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তামিম বলেন, ভোট আমার নাগরিক অধিকার। নিজে ভোট দিলাম এবং দেখলাম স্বতঃস্ফূর্ত উৎসাহে অনেকেই ভোট দিচ্ছেন। সুশৃঙ্খল ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সবাইকে সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে অসংখ্য ধন্যবাদ।
নিজস্ব প্রতিবেদক 




















