গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৭ নভেম্বর) রাজধানীতে গ্রাম পুলিশের মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, শুধু পদবি নয়, গ্রাম পুলিশের বেতনও বাড়ানো হয়েছে। নতুন এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে।
নতুন ঘোষণায় গ্রাম পুলিশের মাসিক বেতন সাড়ে ৭ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১০ হাজার ৫০০ টাকা। আর গ্রাম পুলিশের প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১১ হাজার টাকা।
বেতনের পাশাপাশি আরও কিছু সুবিধার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখন থেকে প্রতি মাসে গ্রাম পুলিশকে ১৫০ টাকা করে মোবাইল বিল দেবে সরকার। এ ছাড়া বাড়ানো হয়েছে অবসর ভাতা ও যাতায়াত ভাতাও।
মহাসমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানসহ অন্য কর্মকর্তারা।
পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। পরে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
চলমান বার্তা ডেস্ক : 



















