রাখাইন রাজ্যের অস্থিরতায় বিদ্যমান সংযোগ-পরিকল্পনা যখন বাধার মুখে, তখন বিকল্প এক পথের কথা তুলে ধরেছে বাংলাদেশ। মিয়ানমার হয়ে চীনের কুনমিং অঞ্চলের সঙ্গে যুক্ত হতে নতুন একটি অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে।
বুধবার ঢাকায় বাংলাদেশ–চীন সম্পর্ক নিয়ে আয়োজিত ‘ঢাকা ফোরাম ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে এই প্রস্তাবের কথা জানান প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রস্তাবিত চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ ও সহযোগিতার নতুন দ্বার খুলে দিতে পারে। এশিয়ার পরিবর্তনশীল অর্থনৈতিক প্রেক্ষাপটে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ সুবিধাজনক জায়গায় আছে বলেও মত দেন তিনি।
শুধু অবকাঠামো নয়, বড় রূপরেখা
উপদেষ্টার ভাষ্য, করিডোরটিকে কেবল একটি অবকাঠামো প্রকল্প হিসেবে দেখলে চলবে না। সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে অর্থনৈতিক একীকরণ ও কার্যকর সহযোগিতার বৃহত্তর কাঠামো হিসেবেই একে বিবেচনা করা উচিত। তবে বাস্তবায়নের আগে রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা পরিস্থিতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সংশ্লিষ্ট অংশীদারদের অর্থনৈতিক স্বার্থ সতর্কতার সঙ্গে খতিয়ে দেখার কথাও বলেন তিনি।
বাস্তবসম্মত পথ চিহ্নিত করতে প্রমাণভিত্তিক মূল্যায়ন, সম্ভাব্যতা সমীক্ষা ও অংশীদারদের সঙ্গে আলোচনাসহ জোরদার গবেষণা এবং নীতিগত সংলাপের আহ্বান জানান ইসমাইল।
তাঁর বক্তব্য অনুযায়ী, চিকিৎসা পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময় সহজ করতে কুনমিং অঞ্চলের সঙ্গে যোগাযোগ বাড়ানো বাংলাদেশের অন্যতম প্রধান লক্ষ্য।
কিয়াকফিউকে ঘিরে ভাবনা
কুনমিং ও মিয়ানমারের কিয়াকফিউকে একটি তেল ও গ্যাস পাইপলাইন যুক্ত করেছে, এ কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, তারপরও পূর্ণাঙ্গ ও বাণিজ্যিকভাবে কার্যকর সড়ক ও রেল নেটওয়ার্ক এখনো গড়ে ওঠেনি।
কিয়াকফিউ বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ, তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, সমুদ্রপথে চট্টগ্রাম থেকে এর দূরত্ব প্রায় ৩৬৭ কিলোমিটার। কুনমিং ও কিয়াকফিউয়ের মধ্যে কার্যকর সংযোগ তৈরি এবং সেটিকে বাংলাদেশের সঙ্গে সামুদ্রিক রুটে যুক্ত করা গেলে চীন, মিয়ানমার ও বাংলাদেশকে জুড়ে দেওয়া নতুন একটি অর্থনৈতিক করিডোর দাঁড়াতে পারে।
তিনি আরও বলেন, চীনের রুইলি থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি পথ হলে সুবিধা আরও বেশি হতো। কিন্তু রাখাইনের চলমান অস্থিরতা সেখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আঞ্চলিক বাণিজ্য, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য রাখাইনের স্থিতিশীলতা অপরিহার্য উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ও প্রভাবের কারণে চীন এই অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করতে গঠনমূলক ভূমিকা রাখবে।
আরও শক্তিশালী যোগাযোগ চায় চীন
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউয়িন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় চীনের পূর্ণ সমর্থন আছে। দেশটির নিজস্ব বাস্তবতার আলোকে উন্নয়নের পথ বেছে নেওয়ার সিদ্ধান্তকেও চীন শ্রদ্ধা করে বলে জানান তিনি।
ফোরামের দুটি বিষয়ভিত্তিক অধিবেশনের কথা তুলে লিউ বলেন, বন্দর ও সামুদ্রিক অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক যোগাযোগ, এই দুই বিষয় বাংলাদেশ ও চীনকে যৌথভাবে সমাধান করতে হবে। রপ্তানিমুখী শিল্পকে সহায়তা এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতায় অংশ নিতে বাংলাদেশের বন্দর ও সামুদ্রিক সুযোগ-সুবিধার উন্নয়ন অপরিহার্য বলেও মত দেন তিনি। তাঁর ভাষ্য, বন্দরের পরিকল্পনা, নির্মাণ, পরিচালনা ও ব্যবস্থাপনায় চীনের ব্যাপক অভিজ্ঞতা আছে। বন্দর উন্নয়ন, বাণিজ্য, শিল্প ও আঞ্চলিক সংযোগে বাংলাদেশের সঙ্গে পেশাগত অভিজ্ঞতা বিনিময় বাড়াতে চীন প্রস্তুত।
আঞ্চলিক যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গোপসাগর-সংলগ্ন কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশ দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ-পশ্চিম চীনকে যুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এগিয়ে নেওয়া ও আঞ্চলিক যোগাযোগ জোরদার করা দুই দেশের যৌথ বোঝাপড়ারই প্রতিফলন।
করিডোরের বাস্তব অবস্থা ও সম্ভাবনা যৌথভাবে যাচাই, চ্যালেঞ্জগুলোর বস্তুনিষ্ঠ পর্যালোচনা এবং সামনে এগোনোর উপায় খুঁজে বের করতে বৈজ্ঞানিক ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গির আহ্বান জানান লিউ। তাঁর মতে, দুই দেশেরই উচিত নির্দিষ্ট প্রকল্প ও সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা এবং ধাপে ধাপে উপযুক্ত পরিবেশ তৈরি করা, যাতে করিডোরটি আঞ্চলিক উন্নয়ন ও মানুষের কল্যাণে আরও ভালোভাবে কাজে আসে।
আয়োজন
ঢাকায় চীনা দূতাবাস ও সেন্টার ফর চায়না স্টাডিজের সহায়তায় ফোরামটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং বাংলাদেশ-চায়না রিসার্চ সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্নেন্স। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ। বিআইআইএসএসের মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানের স্বাগত বক্তব্যে অধিবেশন শুরু হয়। এরপর সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসআইআইএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. লিউ জংই বিশেষ বক্তব্য দেন।
এস কে চন্দন, ঢাকা 



















