বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচনি বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
শফিকুর রহমান বলেন, আপনি যেহেতু আপনার পরিকল্পনা ঘোষণা করেছেন, তাই আমি আপনাকে একটি গণমঞ্চে মুখোমুখি বিতর্কে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে আমরা জাতির সামনে নিজ নিজ ইশতেহার উপস্থাপন করতে পারব এবং সিদ্ধান্ত জনগণের ওপর ছেড়ে দেব।
জামায়াত আমির বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক প্রক্রিয়ার বৈধতা প্রতিষ্ঠা সম্ভব নয়। ন্যায্যতা ও জন-আস্থা না থাকলে কোনো নির্বাচনি ফল জনগণের আস্থা অর্জন করতে পারে না।
শফিকুর রহমানের মতে, জুলাই বিপ্লবের পর তরুণ প্রজন্মের কাছে রাজনীতিকে সভ্য, দায়িত্বশীল ও সংঘাতমুক্ত হিসেবে উপস্থাপন করা রাজনৈতিক নেতৃত্বের নৈতিক দায়িত্ব। রাজনীতি যে গঠনমূলক ও শালীন হতে পারে—তা প্রমাণ করার সময় এখনই।
জামায়াত আমির বলেন, গণমাধ্যম ও জনগণের সরাসরি পর্যবেক্ষণের মধ্য দিয়ে রাজনৈতিক নেতৃত্বের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। ভবিষ্যৎ শাসনব্যবস্থার মানদণ্ড হওয়া উচিত উন্মুক্ত সমালোচনা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা।
জনগণের রায়কে সম্মান করার অঙ্গীকারের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন ডা. শফিকুর রহমান।
নিজস্ব প্রতিবেদক 





















