চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুরে চলমান ১০৭তম ‘সোলেমান লেংটার মেলার’ সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। ৩১ মার্চ থেকে শুরু হওয়া এই মেলা আগামী ৫ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল। তবে নানা অনিয়ম ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় মাঝপথেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মেলা বন্ধ ঘোষণার পরও আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত মাজার প্রাঙ্গণে ভিড় জমায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর পক্ষ থেকে বারবার মাইকিং করে উপস্থিত সবাইকে এলাকা ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাজার ও মেলা সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, মেলাকে কেন্দ্র করে মাদক সেবন, জুয়া ও অশ্লীলতাসহ নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগ ওঠে। এমনকি জুয়া ও মাদক ব্যবসায়ীদের হামলায় মাজারের খাদেম আহত হওয়ার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
জননিরাপত্তা নিশ্চিত করতে এবং এই অস্থিরতা থামাতে উপজেলা প্রশাসন শেষ পর্যন্ত মেলা বন্ধের কঠোর পদক্ষেপ গ্রহণ করে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, লেংটার মেলায় ব্যাপক জনসমাগম হয়। তবে মেলা শুরুর পর থেকে মাদকসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা মেলা বন্ধ করতে বাধ্য হয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, মেলা বন্ধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আগত সবাইকে এলাকা ত্যাগ করতে বলা হয়েছে। এরপরও যদি কেউ ভিড় করে, তবে পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হবে।
এ বিষয়ে সোলেমান লেংটার মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়া গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানিয়েছেন, তার যা বলার আছে তা তিনি সরাসরি প্রশাসনের কাছেই বলবেন।
নিজস্ব প্রতিবেদক 


















