ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এতিম ভাতিজার পৈতৃক জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে আপন চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। নির্মাণকাজে বাধা দিতে গেলে ভাতিজাকে মারধর করে রক্তাক্ত জখম এবং পকেট থেকে ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী খাদেমুল ইসলাম (২৪) পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার ১১নং চৈরচুনা ইউনিয়নের রামনা চান্দেহর গ্রামে এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত মোচ্ছেদ আলীর ছেলে খাদেমুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর চাচা চাচি ও চাচাতো ভাই তার পৈতৃক জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তাঁরা আপস-মীমাংসার চেষ্টা করেন। তবে এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা বিভিন্ন সময় তাঁকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বুধবার সকালে অভিযুক্ত মফিজ উদ্দিন (৪০), মোতারুল ইসলাম (২২) ও নূর জাহান বেগম (৩৫) ওই জমিতে লোক নিয়ে ঘর নির্মাণের কাজ শুরু করেন। খবর পেয়ে খাদেমুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজে বাধা দিলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে অভিযুক্তরা লোহার রড, বাঁশের লাঠি ও ইট দিয়ে মফিজ উদ্দিন, খাদেমুলের মাথায় আঘাত করে । তিনি মাথা সরিয়ে নিলে ইটের আঘাত তাঁর বাম চোখের পাশে লাগে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে অভিযুক্তরা বাঁশ ও ইট দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করেন এবং পরিহিত প্যান্টের পকেটে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মোটরসাইকেলে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত চাচা মফিজ উদ্দিন বলেন, আমি আমার বাবার সম্পত্তির পাঁচ শতক এবং ক্রয় করা দুই শতক জমির ওপর ঘর নির্মাণ করছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রমাণিক মুঠোফোনে জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। উভয় পক্ষের জমির কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় ভুক্তভোগী খাদেমুল ইসলাম সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
ফাইদুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: 























