ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা এবং টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁকে সেখানে নেওয়া হলো, তা এখনো স্পষ্ট নয়।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীতে ডিবিসির কার্যালয় থেকে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার ব্যাখ্যায় শফিকুল ইসলাম বলেন, বিকেলে ইকবাল সোবহান চৌধুরী অফিসে যাওয়ার পর সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। খবর পেয়ে সেই পরিস্থিতি এড়াতেই তাঁকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাঁর ভাষ্য, সেখান থেকে আরও দুজনকে আনা হয়েছে এবং তাঁদের সঙ্গে কথা বলা হচ্ছে।
ডিবির এই কর্মকর্তা কোন পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত বলছেন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। আরও যে দুজনকে আনা হয়েছে, তাঁদের পরিচয়ও এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে ডিবির পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়েও কিছু জানা যায়নি।
চলমান বার্তা ডেস্ক : 




















