নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর করা হলে ঢাকার যানজট কমবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। গতকাল বুধবার বিকেলে কাঁচপুর বাস টার্মিনালের কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, গুলিস্তানের বাস টার্মিনালটি বুড়িগঙ্গার ওপারে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ইতোমধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে। সায়েদাবাদ থেকে চট্টগ্রামসহ প্রায় ১৬টি জেলায় যেসব বাস চলাচল করে, সেগুলো কাঁচপুরের এই টার্মিনালে রাখার পরিকল্পনা সরকারের রয়েছে। কাঁচপুর ও ঢাকার মধ্যে যাত্রীদের যাতায়াতের জন্য ব্যবস্থা নেওয়া হবে।
সিটি করপোরেশনের প্রশাসক আরও জানান, আপাতত কাঁচপুর টার্মিনালে অস্থায়ী শেড তৈরি করে সেখানে সায়েদাবাদ টার্মিনাল স্থানান্তর করা হবে। টার্মিনাল বাস্তবায়নে সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকার বাজেট ধরা হয়েছে।
পরিদর্শনের সময় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান ও সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিনসহ স্থানীয় বিএনপির নেতারা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা ছিলেন।
শিরোনাম :
সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে নিলে কমবে ঢাকার যানজট: প্রশাসক
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ০৮:৪৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- 7
ট্যাগস
জনপ্রিয় সংবাদ















