সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ইউরেনিয়ামের বিশেষ চালান নেওয়া হচ্ছে। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে জ্বালানিবাহী তিনটি লরি রওনা হয়। দুপুরের মধ্যেই চালানটি গন্তব্যে পৌঁছানোর কথা রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে রাশিয়া থেকে একটি বিশেষ কার্গো বিমানে এই জ্বালানি বাংলাদেশে আনা হয়। সেখান থেকেই তিনটি লরিতে করে চালানটি পাঠানো হচ্ছে রূপপুরে।
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে গড়ে উঠছে এই বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। এতে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে রাশিয়া।
কেন্দ্রটিতে রয়েছে দুটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর। দুই ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। দেশের মোট বিদ্যুৎ চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ এতে পূরণ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
চলমান বার্তা ডেস্ক : 

















