আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে দেশের কয়েকটি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নের পাশাপাশি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে মোট ৯৮ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।
আজ সোমবার (২৩ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই মোতায়েন। বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ অন্যান্য স্পর্শকাতর স্থানে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে, এমন কর্মকাণ্ড ঠেকাতেও তাঁরা সচেষ্ট আছেন বলে জানানো হয়।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে দেখভাল ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চলছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তের নিয়মিত দায়িত্বের পাশাপাশি বিজিবি সদস্যরা দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি বদ্ধপরিকর।
সূত্র: বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি
চলমান বার্তা ডেস্ক : 



















