কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও সহিংসতার পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্য গড়ার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ সোমবার তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টায় বৈঠকটি শুরু হওয়ার কথা।
বৈঠকে কারা থাকতে পারেন
সরকারের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর পাশে থাকতে পারেন তাঁর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ আরও কয়েকজন শীর্ষ নেতা। এনসিপির একটি সূত্র জানায়, দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। গতকাল রাতে বৈঠক করে আলোচনার দলীয় এজেন্ডা চূড়ান্ত করার কথাও জানিয়েছে দলটি।
এনসিপির তোলা দাবি
এনসিপি বৈঠকে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি তুলবে। পাশাপাশি বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি। তবে সংলাপে অংশ নেওয়াকে তারা রাজনৈতিক ঐক্যের বিষয়ে সম্মতি হিসেবে দেখছে না। দলটির বক্তব্য, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আগে কয়েকটি মৌলিক বিষয়ে সরকারকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।
নাহিদ ইসলামের বক্তব্য
গতকাল রোববার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, দেশে এখন সংকটকাল চলছে। সরকারপ্রধান সংলাপের ডাক দিলে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। তাঁর ভাষ্য, ‘আমরা আসলে শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন। কীভাবে এ পরিস্থিতি মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন।’
নাহিদের মতে, জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হওয়া উচিত সরকারের একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করা এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের উদ্যোগ নেওয়া। জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর করার মতো বিষয়ে সরকারের সুস্পষ্ট অঙ্গীকার চান তিনি। অতীতে অঙ্গীকার ভঙ্গের জন্য সরকারকে ক্ষমা চাইতেও হবে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।
তিনি আরও বলেন, ঐক্য কেবল রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; জনগণ এবং সামাজিক ও রাজনৈতিক শক্তিগুলোর মধ্যেও তা গড়ে তুলতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানে মানুষ কোনো দলের ব্যানারে নয়, সংস্কার ও পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছিল। নাহিদের আশঙ্কা, দলগুলো প্রতিশ্রুতি দিয়ে মানুষকে রাস্তায় নামিয়ে পরে তা ভঙ্গ করলে জনগণ আর সাড়া দেবে না।
জামায়াতসহ অন্য দলের সঙ্গে বৈঠক
ধারাবাহিক সংলাপে এনসিপির পর জামায়াতে ইসলামীসহ জুলাই আন্দোলনে সক্রিয় অন্য দলের নেতাদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র অনুযায়ী, প্রথম পর্যায়ে প্রতিটি দলের সঙ্গে আলাদা বৈঠক হবে; প্রয়োজন হলে পরে সর্বদলীয় বৈঠক ডাকা হতে পারে।
জামায়াতসংশ্লিষ্ট সূত্রের তথ্য, দলটির আমির ডা. শফিকুর রহমান ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরবেন। এরপর ২৭ বা ২৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে। তবে জামায়াতের কেন্দ্রীয় এক নেতা জানিয়েছেন, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কোনো আমন্ত্রণ দলটি পায়নি।
সংলাপের প্রেক্ষাপট
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচিকে ঘিরে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়ে। ৯ নভেম্বর রাতে বিভিন্ন সরকারি স্থাপনা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ ঘটে। ১০ নভেম্বর ধর্মঘটের সময় সড়ক অবরোধ, পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, অগ্নিসংযোগ ও আসামি ছিনিয়ে নেওয়া হয়; এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখমের ঘটনাও ঘটে।
১৫ থেকে ১৯ নভেম্বরের মধ্যে গোপালগঞ্জ শহর, টুঙ্গিপাড়া ও কাশিয়ানীতে বিক্ষোভ এবং সরকারি স্থাপনা ও যানবাহনে হামলা বাড়ে। টুঙ্গিপাড়া থানা পুড়িয়ে দেওয়ার পর সেখান থেকে পুলিশ সদস্যরা চলে যান। পরিস্থিতি সামলাতে জেলায় প্রায় ২ হাজার অতিরিক্ত পুলিশ ও বিজিবির ২৭ প্লাটুন মোতায়েন করা হয়। তারপরও বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ চলছে। পুলিশ সদর দপ্তর অবশ্য পরিস্থিতিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে।
এ ছাড়া চোরাগোপ্তা ককটেল হামলা হয়েছে। পুলিশের স্থাপনা ও যানবাহন, গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখা এবং বিএনপির সংসদ সদস্য ও নেতাদের বাড়িঘরেও আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও শেয়ার করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর উচ্ছ্বাস প্রকাশের ঘটনাও সামনে এসেছে।
এর পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান। একই দিন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেন। এ বিষয়ে দুজন একান্তে কথাও বলেন। ১৯ নভেম্বর জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানায়। গত শনিবার রাজধানীর এক সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় ঐক্যের ভিত্তি হবে গণভোটের রায় বাস্তবায়ন।
চলমান বার্তা ডেস্ক : 



















