বিদেশে যাওয়ার প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে গিয়েছিলেন, কিন্তু ইমিগ্রেশন পার হওয়ার আগেই পুলিশের হাতে ধরা পড়লেন রাজধানীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলাম। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিলেন আসলাম। ইমিগ্রেশনে পৌঁছালে সেখানে দায়িত্বরত পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়।
ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদও গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দেয়। সুইডেন আসলামকে আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।”
আসলামের গ্রেপ্তার হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩১ জানুয়ারি তিনি গ্রেপ্তার হন। এরপর প্রায় ১৯ বছর তাকে কারাগারে থাকতে হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান।
নিজস্ব প্রতিবেদক 





















