‘কফি উইথ করণ’-এ স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে হাজির হওয়ার পর থেকেই আলোচনায় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অনুষ্ঠানে তাঁদের কথাবার্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা যেমন হয়েছে, তেমনি উঠেছে সমালোচনার ঝড়। একসময় ট্রলিংয়ের শিকার হন এই তারকা দম্পতি, আর বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থও হন তাঁরা। এত দিন পর সেই সিদ্ধান্তের কারণ জানালেন রাশমিকা।
সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘প্রেমা-দ্য জার্নালিস্ট’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আগে নেতিবাচক মন্তব্যের উত্তর দিতেন। কিন্তু ধীরে ধীরে বুঝেছেন, তাতে লাভ হয় না। এখন তাই জবাব না দেওয়াকেই বেছে নিয়েছেন। মাঝেমধ্যে কিছু বলতে ইচ্ছা হলেও চুপ থাকেন। তাঁর মতে, এসবের পেছনে সময় নষ্ট করার মানে হয় না।
নিজের ব্যক্তিত্ব, সিনেমা বা অভিনয় নিয়ে সমালোচনাকে অবশ্য পেশারই অংশ হিসেবে দেখেন রাশমিকা। তাঁর কথায়, এটি মানুষের মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ে। কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তির ক্ষেত্রে তিনি কোনো ছাড় দিতে রাজি নন।
এ প্রসঙ্গে রাশমিকা বলেন, পরিবার নিয়ে কেউ কথা বললে তিনি তা পছন্দ করেন না, আর তখন তিনি পুরোপুরি ‘যোদ্ধা’ হয়ে উঠবেন। নিজের আসন্ন সিনেমা ‘মাইসা’র চরিত্রের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, তখন তিনি সেই চরিত্রের মতোই হয়ে যাবেন।
পরিবারের বিষয়ে এতটা স্পর্শকাতর কেন, সে ব্যাখ্যাও দিয়েছেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, পরিবারের কেউ বিনোদনজগতের মানুষ নন। তাঁরা এই পেশা বেছে নেননি এবং জনপরিচিতও নন। তাই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করা কিংবা ভাবমূর্তি ক্ষুণ্ন করার অধিকার কারও নেই।
বিতর্কের সূত্রপাত
‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে করণ জোহরের সঙ্গে আলাপে নিজেদের সম্পর্কের নানা ব্যক্তিগত মুহূর্তের কথা বলেছিলেন রাশমিকা ও বিজয়। রাশমিকা জানান, একসময় তিনি প্রতিদিন বিজয়কে বিয়ের প্রস্তাব দিতেন এবং টানা এক বছর এভাবেই চলেছিল। এই কথা ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। কেউ তাঁদের খোলামেলা আলাপের প্রশংসা করেন। আবার কেউ বিজয়ের আচরণ ও সম্পর্কের সমীকরণ নিয়ে প্রশ্ন তোলেন। বিশেষ করে বিজয়ের কিছু মন্তব্যের কারণে অনেকে তাঁকে ‘রেড ফ্ল্যাগ’ বলেও আখ্যা দেন।
চলমান বার্তা ডেস্ক : 

























