দেশজুড়ে নাশকতা ও গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরির পেছনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহযোগীরা রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, প্রতিবেশী একটি দেশের ইন্ধনে তারা এ কাজ করছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলার কথাও জানিয়েছেন তিনি।
রবিবার সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান রিজভী। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমান উল্লাহ আমানসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সারাদেশে নাশকতা চালাচ্ছে পতিত আওয়ামী দোসররা। শেখ হাসিনার বিচার প্রসঙ্গেও কথা বলেন তিনি। তাঁর ভাষ্য, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর দণ্ড কার্যকর করা হবে।
অরাজকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও মাঠে থাকবেন বলে জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত দলের সিনিয়র নেতারা বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে সামনে এগিয়ে নেবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত নেতারাও গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করেন।
চলমান বার্তা ডেস্ক : 



















