খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে আপেল ও মাল্টা আমদানিতে বিদ্যমান ১২১ দশমিক ৭৮ শতাংশ করভার কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
আজ রোববার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত প্রস্তাব বৈঠকে উপস্থাপন করেছিল।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, খেজুর আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এই হ্রাসকৃত হার কার্যকর থাকবে ১০ মার্চ ২০২৭ তারিখ পর্যন্ত।
আপেল ও মাল্টার ক্ষেত্রে সিদ্ধান্তটি আরও নির্দিষ্ট সময় ও পণ্যকোডের সঙ্গে যুক্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ জানুয়ারি ২০২৭ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত এইচএস কোড ০৮০৫১০৯০ ভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০৯০ ভুক্ত আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশের বদলে ৬১ শতাংশ হবে।
বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে আইনি পরিসরে। ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের ভাষ্য অনুযায়ী, প্রস্তাবিত এই আইনটি আগে সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করা হয়েছিল। চলমান সংসদ অধিবেশনে অধ্যাদেশটি আইনে পরিণত করার লক্ষ্যে সেটি মন্ত্রিসভায় তোলা হয়েছিল।
সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তি
চলমান বার্তা ডেস্ক : 



















