আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ কর্মসূচি থেকে সরে আসছে না সরকার। তবে সংস্থাটির শর্ত ও কর্মসূচি দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং সরকারের পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে মিলিয়ে নেওয়া হচ্ছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আশা করছেন, এই প্রক্রিয়া আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে।
রোববার কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে দুই দিনের ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিকল্প উৎস থেকে অর্থায়নের সুযোগ থাকার পরও কঠোর শর্তের আইএমএফ ঋণ কর্মসূচি কেন চালিয়ে যাওয়া হচ্ছে, সাংবাদিকেরা তা জানতে চান। জবাবে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে সম্পর্ক বা ঋণ কর্মসূচি বন্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। দেশের অর্থনৈতিক বাস্তবতা, জনগণের স্বার্থ ও উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচিটি বাস্তবায়ন করতে চায় সরকার।
মতপার্থক্য নিরসনে দুটি ওয়ার্কিং গ্রুপ
আইএমএফের সঙ্গে যেসব বিষয়ে মতপার্থক্য আছে, সেগুলো মেটাতে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে বলে জানান মন্ত্রী। তাঁর ভাষ্য, আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় শেষ হলে ঋণ কর্মসূচি স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে।
শর্ত নিয়ে সরকারের অবস্থান
অর্থমন্ত্রীর দাবি, আইএমএফের সঙ্গে বর্তমান ঋণ কর্মসূচির সমঝোতা হয়েছিল আগের অনির্বাচিত সরকারের সময়ে। সে সময় যেসব শর্তে সম্মতি দেওয়া হয়েছিল, নির্বাচিত বর্তমান সরকারের পক্ষে সেগুলো রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। হঠাৎ করে শর্ত কার্যকর করলে সাধারণ মানুষের ওপর চাপ বাড়তে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিও। তাই শর্ত বাস্তবায়নে সময় ও ধারাবাহিকতা বজায় রাখতে চায় সরকার।
উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয়
মন্ত্রী জানান, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনার সমন্বয় ইতিমধ্যে করা হয়েছে। একই প্রক্রিয়ায় আইএমএফের কর্মসূচিও সরকারের অগ্রাধিকার ও পরিকল্পনার সঙ্গে মেলানোর আলোচনা চলছে। সরকারের যুক্তি, উন্নয়ন সহযোগীদের কার্যক্রমে সমন্বয় না থাকলে প্রকল্প বাস্তবায়নে জটিলতা তৈরি হয়।
জানুয়ারি-ফেব্রুয়ারিতে সমাধানের আশা
ঋণ কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট বলে জানান অর্থমন্ত্রী। শর্ত বাস্তবায়নের ক্ষেত্রে দেশের বাস্তবতা বিবেচনায় প্রয়োজনীয় পরিবর্তন আনার চেষ্টা চলছে। সরকারের লক্ষ্য, কর্মসূচির ধারাবাহিকতা রেখে এমনভাবে শর্ত বাস্তবায়ন করা, যাতে তা অর্থনৈতিক স্থিতিশীলতা, জনগণের স্বার্থ ও উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক না হয়।
এদিকে সরকারের ক্রমবর্ধমান ঋণের চাপ সামলানো, ঋণ নেওয়ার ব্যয় ও ঝুঁকি কমানো এবং উন্নয়ন কাজে অর্থায়নের নতুন উৎস খোঁজার লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সরকারি ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের আয়োজন করা হয়েছে।
চলমান বার্তা ডেস্ক : 




















