কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে আগুন লাগার পর পোড়া ঘরের সামনে দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘটিয়ে যাঁরা তাঁদের ভয় বা কষ্ট দেওয়ার কথা ভাবছেন, তাঁদের মুখে শুধু চুনকালি পড়বে।
সংবাদ সম্মেলনের সময় নুসরাতের পাশে ছিলেন তাঁর বাবা আব্দুল হালিম ও এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত। নুসরাত তাবাসসুম দলটির যুগ্ম আহ্বায়ক এবং সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য।
বুধবার রাতে দলটির নেতারা অভিযোগ করেন, নুসরাতের গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা হয়েছে। খবর পেয়ে সেই রাতেই তিনি ঢাকা থেকে গ্রামের উদ্দেশে রওনা দেন। সকালে পোড়া বাড়ি ঘুরে দেখে সেখানেই কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
“গত ১৭ বছরে মানুষ এমন অনেক ঘটনা দেখেছে”
নুসরাত বলেন, ঘটনার পর ‘সন্ত্রাসী লীগের লোকজন’ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস করছে। তাঁর ভাষায়, তারা ভাবছে এমন হামলায় তাঁদের দমিয়ে রাখা বা ভয় পাইয়ে দেওয়া যাবে। তিনি বলেন, নুসরাত তাবাসসুমের বসতবাড়ি পুড়ে যাওয়ার মতো অসংখ্য ঘটনা গত ১৭ বছরে বাংলাদেশের মানুষ দেখেছে, আর সেই দেখার ফল হিসেবেই চব্বিশ এসেছিল।
হুমকির কথা আগেই জানিয়েছিলেন
এই এমপির দাবি, ঘটনার কয়েক দিন আগে থেকেই তিনি হুমকি পাচ্ছিলেন। তিনি জানান, ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে একটি স্প্যাম নম্বর থেকে তাঁর কাছে হুমকির ফোন আসে। এর আগে-পরেও আরও কয়েকটি হুমকির কল পেয়েছেন বলে জানান তিনি। গত মঙ্গলবার পুরো ঘটনার বিবরণ দিয়ে ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নুসরাত। তাঁর ভাষ্য, জিডির পরেও হুমকি অব্যাহত ছিল।
নুসরাতের অভিযোগ, বাড়িতে হামলার তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়, যাকে তিনি হুমকি হিসেবেই দেখছেন।
তিনি বলেন, এ ধরনের হুমকি তাঁরা কখনো গায়ে মাখেননি। গায়ে মাখলে আজ তাঁরা এই অবস্থানে থাকতেন না বলেও মন্তব্য করেন।
সিসিটিভির সময় ধরে চার বিস্ফোরণ
নুসরাত জানান, সিসিটিভির সময় অনুযায়ী মধ্যরাতে ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে তাঁর বাড়িতে পরপর চারটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ধরন দেখে তাঁর মনে হয়েছে, এটি পেট্রলবোমার আঘাতে ঘটেছে। তবে তিনি স্পষ্ট করেন, বিষয়টি তদন্তসাপেক্ষ, তাই নিশ্চিত করে বলছেন না। যদিও দেখতে একেবারেই পেট্রলবোমা হামলার মতো লেগেছে বলে জানান তিনি।
পুলিশ ও দমকল নিয়ে ক্ষোভ
নুসরাত বলেন, তিনি খবর দেওয়ার পর পুলিশ এসেছে এবং সাধ্যমতো পাহারা দিয়েছে। কিন্তু প্রায় ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও আলামত সংগ্রহ করা সম্ভব হয়নি। এ ছাড়া দৌলতপুর উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় দমকল কর্মীরা পৌঁছানোর আগেই বাড়ির প্রায় সবটুকু পুড়ে যায়।
“বাড়িটি পরিত্যক্ত নয়”
সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচার হচ্ছে, বাড়িটি পরিত্যক্ত ছিল। নুসরাত এই দাবি নাকচ করেছেন। তিনি বলেন, একটি অসহায় পরিবার প্রায় পাঁচ-ছয় বছর ধরে সেখানে থাকত। তাঁরা এখন নুসরাতদের পরিবারেরই অংশ, বাড়িটি দেখভালও করতেন তাঁরা।
এই বাড়িতেই বেড়ে উঠেছেন নুসরাত ও তাঁর ছোট ভাই। বাবা-মা এখানেই সংসার করেছেন। নুসরাতের ভাষায়, এটি তাঁর দাদার হাতে গড়া বাড়ি, তাঁদের বসতবাড়ি। বাড়িটিতে বর্তমানে একটি গবাদি পশুর খামারও ছিল। আত্মীয়স্বজনও থাকতেন। নুসরাত জানান, ঘটনায় ওই পরিবারের একটি শিশু আহত হয়েছে এবং অনেক গবাদি পশু মারা গেছে। বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই বলে জানান তিনি।
“এটা আওয়ামী লীগের কাজ”
নুসরাত মনে করেন না, স্থানীয় লোকজন এ ঘটনা ঘটিয়েছে। তাঁর বিশ্বাস, এটি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কাজ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে তিনি ‘ঢিলা’ বলেও উল্লেখ করেন। পেট্রলবোমা হামলা চালিয়ে বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় তিনি দৌলতপুর থানায় মামলা করবেন বলে জানান।
চলমান বার্তা ডেস্ক : 




















