ভিসা ব্যবস্থায় ব্যাপক সংস্কার এনেছে ভারত সরকার। নতুন কাঠামোয় ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি করা হয়েছে। উপশ্রেণি ৪৯টি থেকে নেমে এসেছে ২৩টিতে। আবেদনপত্রে পূরণ করতে হয়, এমন তথ্যের ঘরও কমেছে ৬৫ থেকে ৭০ শতাংশ।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের বরাতে জানা গেছে, নতুন ব্যবস্থায় ভিসা দেওয়া হবে ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ—এই নয় শ্রেণিতে।
সিদ্ধান্তের সময়রেখা
ভিসার শ্রেণি কমানোর সিদ্ধান্ত ২৭ আগস্ট প্রথম জানিয়েছিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন কাঠামো ঘোষণা করা হয়। এর আগে ২০২৫ সালের অক্টোবরে প্রধান শ্রেণি ২২টি থেকে ১৩টিতে এবং উপশ্রেণি ৬৩টি থেকে ৪৯টিতে নামানো হয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, উন্নত দেশের ভিসা ব্যবস্থা ও আন্তর্জাতিক মান পর্যালোচনা করে এই সংস্কার করা হয়েছে। একই ধরনের ভ্রমণের উদ্দেশ্য এক শ্রেণির আওতায় আনায় আবেদনকারীর পক্ষে সঠিক ভিসা বেছে নেওয়া সহজ হবে বলে মন্ত্রণালয় মনে করছে।
ভিজিটর ভিসা
আগের ট্যুরিস্ট ভিসার নাম এখন ভিজিটর ভিসা। এর ভি-১ শ্রেণির মেয়াদ ৩০ দিন, আর এতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। এই ভিসায় পর্যটনের পাশাপাশি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ নেওয়া, স্বাস্থ্যসেবামূলক অবকাশ, স্বল্পমেয়াদি চিকিৎসা ও ট্রানজিটের সুযোগ আছে। ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্পের স্বল্পমেয়াদি কোর্সেও অংশ নেওয়া যাবে।
ভি-২ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর, যা নির্ভর করবে আবেদনকারীর যোগ্যতার ওপর। এতে ভি-১-এর সব কার্যক্রমের সঙ্গে পর্বতারোহণও করা যাবে। পর্বতারোহণের জন্য আলাদা ছয় মাস মেয়াদি ভিসাও থাকবে, যাতে একাধিকবার প্রবেশের সুযোগ মিলবে।
চিকিৎসা ভিসা
চিকিৎসা ভিসায় যুক্ত হয়েছে নতুন শ্রেণি। আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য থাকছে এম-৩ এবং অন্য চিকিৎসার জন্য এম-১ ভিসা। দুটি ভিসার মেয়াদই সাধারণত এক বছর, আর একাধিকবার প্রবেশের সুযোগ আছে। এম-১ ভিসাধারীর সহকারী পাবেন এম-২, এম-৩ ভিসাধারীর সহকারী পাবেন এম-৪ ভিসা। দ্য স্টেটসম্যান জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হিল ইন ইন্ডিয়া’ ভাবনার সঙ্গে মিল রেখে চিকিৎসাভিত্তিক পর্যটনে উৎসাহ দেওয়াও এই উদ্যোগের একটি লক্ষ্য।
শিক্ষার্থী ভিসা
এস-১ শ্রেণিতে আছে স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা। এস-২ শ্রেণিতে রাখা হয়েছে পিএইচডি, গবেষণা, ভিজিটিং শিক্ষক, ইন্টার্নশিপ ও বিনিময় কর্মসূচি।
‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ই-এস১ ভিসা পাবেন। মেয়াদ হবে সর্বোচ্চ পাঁচ বছর, অথবা কোর্সের মেয়াদ, এই দুইয়ের মধ্যে যেটি কম। এতে একাধিকবার প্রবেশ করা যাবে। যোগব্যায়াম, ভারতীয় সংগীত ও নৃত্য, বৈদিক সংস্কৃতি এবং বৌদ্ধধর্মবিষয়ক পড়াশোনাও শিক্ষার্থী ভিসার আওতায় পড়বে।
ব্যবসা, কর্মসংস্থান ও অন্যান্য ভিসা
ব্যবসায়িক ভিসা ভাগ হয়েছে বি-১ ও বি-২ শ্রেণিতে। ব্যবসা প্রতিষ্ঠাসহ দীর্ঘমেয়াদি কাজে বি-১ ভিসা দেওয়া হবে। বি-২ ভিসা পাবেন স্বল্পমেয়াদি চুক্তিভিত্তিক কাজ, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কাজে যুক্ত ব্যক্তিরা।
কূটনীতিক, জাতিসংঘের কূটনীতিক ও তাঁদের পরিবারের জন্য থাকছে কূটনৈতিক ভিসা। স্বীকৃত সাংবাদিকেরা পাবেন সাংবাদিক ভিসা। ভারতের কোম্পানি, বেসরকারি সংস্থা ও ধর্মীয় প্রচারমূলক কাজে যুক্ত প্রতিষ্ঠানে কর্মরত বিদেশিরা পাবেন কর্মসংস্থান ভিসা। জাতিসংঘের কর্মকর্তা ও তাঁদের পরিবারসহ অ-কূটনৈতিক সরকারি কর্মকর্তাদের জন্য আছে সরকারি ভিসা। ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, তাঁদের স্বামী বা স্ত্রী ও সন্তান, বিদেশি নাগরিকের পরিবারের সদস্য এবং নির্দিষ্ট উদ্দেশ্যে ভ্রমণকারীরা পড়বেন বিবিধ ভিসার আওতায়।
ই-ভিসা
দ্য স্টেটসম্যানের তথ্য অনুযায়ী, বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ১৩টি উপশ্রেণিতে ই-ভিসা পান।
শিরোনাম :
ভিসা ব্যবস্থায় বড় বদল ভারতের
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ০৩:০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- 13
জনপ্রিয় সংবাদ




















