দিনভর সমুদ্রসৈকতে সময় কাটানোর পর সন্ধ্যায় বিনোদনের সুযোগ কক্সবাজারে তুলনামূলক কম। সেই শূন্যতা পূরণের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল-২০২৬’। বাংলাদেশ পর্যটন করপোরেশনের এই আয়োজনের মাধ্যমে পর্যটনশিল্পের বিকাশ এবং জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান বাড়ানোর প্রত্যাশা করা হচ্ছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে সমুদ্রসৈকতসংলগ্ন ঝাউবাগানে কার্নিভালের পরীক্ষামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পর্যটনসংশ্লিষ্ট উদ্যোক্তা, আয়োজক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, কার্নিভালকে ঘিরে সৈকতসংলগ্ন এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। বিনোদনের পাশাপাশি থাকছে দেশীয় পণ্যের প্রদর্শনী, শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনী বক্তব্যে শামীম আরা স্বপ্না বলেন, কক্সবাজারে আসা পর্যটকদের বড় অংশ সকালে সৈকতে সময় কাটান ও গোসল করেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত সময় কাটানোর মতো পর্যাপ্ত বিনোদন ও সাংস্কৃতিক আয়োজন না থাকায় অনেকে একঘেয়েমিতে ভোগেন। তাঁর মতে, তিন মাসের এই কার্নিভাল সেই সময়টুকু আনন্দময় করে তুলবে। বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্রসৈকতসহ কক্সবাজারের সম্ভাবনা আন্তর্জাতিক পরিসরে আরও কার্যকরভাবে তুলে ধরার ওপরও জোর দেন তিনি।
পর্যটন করপোরেশনের চেয়ারম্যান শামীম উজ্জামান জানান, ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি কক্সবাজারে সৈকত, উপল, প্রবাল ও লাবণী নামে চারটি ইউনিট চালাচ্ছে। তবে এগুলোকে প্রত্যাশিত মানে উন্নীত করা যায়নি। অন্যদিকে বেসরকারি উদ্যোক্তারা আধুনিক হোটেল-মোটেলসহ নানা পর্যটনসেবা গড়ে তুলেছেন।
তিনি বলেন, দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস-ঐতিহ্য, পাহাড়, নদ-নদী, বনাঞ্চল, নৃতাত্ত্বিক বৈচিত্র্য, সংস্কৃতি ও খাদ্যশিল্প আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে চায় করপোরেশন। এতে বিদেশি পর্যটকেরা আকৃষ্ট হবেন এবং কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
বৈশ্বিক চিত্র তুলে ধরে চেয়ারম্যান বলেন, ২০২৫ সালে বিশ্ব পর্যটন খাত থেকে আয় হয়েছে ১১ দশমিক ৬ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বৈশ্বিক জিডিপির প্রায় ৯ দশমিক ৮ শতাংশ। এ খাতে সরাসরি যুক্ত ছিলেন ৩৬ কোটি ৬০ লাখ মানুষ। অথচ বাংলাদেশের জিডিপিতে পর্যটনের অবদান মাত্র ২ শতাংশ।
করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম বলেন, কক্সবাজারের প্রাকৃতিক সম্ভাবনা অসাধারণ, কিন্তু পর্যটন ব্যবস্থাপনায় দীর্ঘদিনের ঘাটতি রয়েছে। আন্তর্জাতিক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে এসব সীমাবদ্ধতা কাটিয়ে বিশ্বমানের সেবা ও ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি। তিনি জানান, প্রাথমিক সাত দিনের পরীক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কার্নিভালকে আরও গোছানো ও পর্যটকবান্ধব করা হবে। পর্যটকদের আনন্দ, বিনোদন ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই মূল উদ্দেশ্য।
আয়োজকদের প্রত্যাশা, কার্নিভালের মাধ্যমে কক্সবাজারের পর্যটনে নতুন মাত্রা যুক্ত হবে। স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসায়ী, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন এবং পর্যটনকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
চলমান বার্তা ডেস্ক : 





















