ঢাকার যানজট কমাতে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণের কাজ এগিয়ে নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় ডাকা এক সভায় তিনি এ নির্দেশ দেন।
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজেই। সভার সিদ্ধান্ত ও আলোচনার বিষয়গুলো সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
তাঁর দেওয়া তথ্যমতে, সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে একযোগে কাজ করতে বলেন। প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা খতিয়ে দেখে নির্মাণকাজ দ্রুত করার তাগিদ দেন তিনি।
প্রকল্প বাস্তবায়নের পথে যেসব বাধা রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার কথা বলেন। কাজ শেষ করার জন্য একটি বাস্তবসম্মত সময়সীমা ঠিক করাও জরুরি বলে মত দেন তিনি। পাশাপাশি প্রকল্পের কাজে যেন দ্রুত দৃশ্যমান অগ্রগতি দেখা যায়, সে নির্দেশও দেন।
সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় যোগ দেন।
মিন্টু সরকার, ঢাকা 


















