শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় মোট ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা বজায় রাখাই এ মোতায়েনের লক্ষ্য।
মোতায়েন করা সদস্যদের মধ্যে গাজীপুরে রয়েছে সর্বোচ্চ ১২ প্লাটুন। সাভার ও আশুলিয়া এলাকায় দায়িত্ব পালন করছে ১১ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন এবং মিরপুরে ৩ প্লাটুন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে এসব এলাকায় আর্মড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকলও (আরসিভি) রাখা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করতে নেওয়া হয়েছে প্রযুক্তিনির্ভর নজরদারি। ড্রোনের মাধ্যমে পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। দায়িত্ব পালনের সময় সদস্যরা বডি ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছেন। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে আছেন। সংশ্লিষ্ট এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে নজরে রাখা হচ্ছে।
জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ ধরে রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 




















