ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা ৩১শে ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখতে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে নির্ধারিত সময়ে ভর্তি কার্যক্রম চালাতে বিশ্ববিদ্যালয়গুলোর সামনে আর আইনি বাধা রইল না।
সোমবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।
একটি রিট পিটিশনের প্রেক্ষাপটে হাইকোর্ট গত ১৮ই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১শে ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছিলেন। ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে যান রাষ্ট্রপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ওঠে।
আদেশের পর এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ হাইকোর্টের অন্তর্বর্তী আদেশ স্থগিত করেছেন। এর অর্থ, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব পদ্ধতি, আইন ও নিয়মে ভর্তি পরীক্ষা পরিচালনা করবে।
তিনি আরও বলেন, এই আদেশের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কোনো বিশ্ববিদ্যালয়েই ২০২৬ সালে এইচএসসিতে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নিতে আর বাধা থাকল না।
চলমান বার্তা ডেস্ক : 




















