মোঃ হোসেন আলী ছোট্ট :
মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে দাফন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বাদ জুমা সিরাজগঞ্জ সদর উপজেলার রতনগঞ্জ নিবাসী এই বীর মুক্তিযোদ্ধার জানাজা শেষে রহমতগঞ্জ পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এর আগে মরহুমের মরদেহে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিউগলে করুণ সুর বাজানো এবং এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-হেল-মাফি, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, মরহুমের বড় ছেলে আলী আজগর রিপনসহ সিরাজগঞ্জ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি সম্মুখসমরে অংশগ্রহণ করেন। দেশমাতৃকার স্বাধীনতা অর্জনে তাঁর বীরত্বপূর্ণ ও সাহসী ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধের সেই স্মৃতি ও অবদানের কথা স্থানীয়দের মাঝে আজও স্মরণীয় হয়ে রয়েছে।
ব্যক্তিজীবনে আব্দুর রশিদ ছিলেন একজন সাদা মনের মানুষ। এলাকার মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। সহজ-সরল জীবনযাপন ও আন্তরিক ব্যবহারের কারণে তিনি সবার কাছে ছিলেন পরিচিত ও শ্রদ্ধাভাজন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, সহযোদ্ধা ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
মোঃ হোসেন আলী ছোট্ট, সিরাজগঞ্জ 



















