বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীকে উন্নয়নের সবচেয়ে বড় শক্তি বলা হলেও বাস্তবতা হলো, উচ্চশিক্ষা শেষ করার পরও বিপুলসংখ্যক তরুণ উপযুক্ত চাকরি বা উদ্যোক্তা হওয়ার সুযোগ পাচ্ছেন না। একদিকে প্রতিষ্ঠানগুলো দক্ষ কর্মীর অভাবের কথা বলছে, অন্যদিকে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। এই বৈপরীত্য কেবল শ্রমবাজারের সমস্যা নয়; এটি আমাদের অর্থনৈতিক কাঠামোর একটি গভীর দুর্বলতার প্রতিফলন। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পখাত এবং সরকারি সেবাব্যবস্থার মধ্যে কার্যকর সংযোগের অভাব এই সংকটকে আরও জটিল করেছে।
বিশ্ববিদ্যালয় থেকে সনদ নিয়ে বের হওয়া অনেক তরুণ চাকরির বাজারের বাস্তব চাহিদার সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না। আবার প্রথম চাকরির জন্য অভিজ্ঞতা চাওয়া হলেও সেই অভিজ্ঞতা অর্জনের সুযোগও সীমিত। ফলে শিক্ষাজীবন ও কর্মজীবনের মাঝখানে একটি বড় শূন্যতা তৈরি হয়েছে। উদ্যোক্তাদের ক্ষেত্রেও চিত্র খুব ভিন্ন নয়। নতুন ব্যবসা শুরু করতে গিয়ে তরুণদের ঋণ, অনুমোদন ও প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হয়। অনেকের ভালো ধারণা ও উদ্ভাবনী উদ্যোগ থাকলেও অর্থায়নের সুযোগের অভাবে তা বাস্তব রূপ পায় না। বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য নানা শর্ত ও প্রক্রিয়াগত বাধা এখনো বড় প্রতিবন্ধকতা। চিন্তার বিষয় হলো, কর্মরত তরুণদের বড় অংশ এখনো অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। এসব কাজে আয় অনিশ্চিত, সামাজিক নিরাপত্তা সীমিত এবং দক্ষতা উন্নয়নের সুযোগও কম। ফলে দেশের বিপুল তরুণ জনশক্তি অর্থনীতিতে তাদের পূর্ণ সম্ভাবনা তুলে ধরতে পারছে না। আমরা মনে করি, সমস্যার সমাধানে শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে সরাসরি সংযোগ গড়ে তোলা জরুরি।
শিল্পখাতের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম হালনাগাদ করা, বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালু করা এবং তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা করা প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে শিল্প ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগ বাড়ানোর মাধ্যমে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে হবে। তরুণরা কোনো বোঝা নয়; সঠিক সুযোগ পেলে তারাই অর্থনীতির সবচেয়ে বড় সম্পদ। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে নীতিনির্ধারণের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও জবাবদিহিও নিশ্চিত করতে হবে। তাহলেই জনমিতিক সুবিধাকে প্রকৃত অর্থনৈতিক শক্তিতে রূপ দেওয়া সম্ভব হবে।
চলমান বার্তা ডেস্ক : 

























