মালয়েশিয়ায় কাজে যেতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু হবে আগামী ৩১ অক্টোবর থেকে। অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতেই কেবল এ পরীক্ষা করানো যাবে। ওই তারিখের আগে কোনো পরীক্ষা করানো যাবে না।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা খুব শিগগির মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তালিকাভুক্ত সেন্টারগুলোর বিষয়ে খোঁজখবর রাখতে কর্মীদের অনুরোধ জানানো হয়েছে। সরকারি নির্দেশনা পালনে ব্যর্থ হলে কোনো সেন্টারকে তালিকা থেকে বাদ দেওয়া হবে।
৩১ অক্টোবরের আগে করা কোনো মেডিকেল পরীক্ষা গ্রহণযোগ্য হবে না। এ ধরনের পরীক্ষার ভিত্তিতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের প্রক্রিয়াও চলবে না।
দালালদের ব্যাপারে সতর্কতা
মন্ত্রণালয়ের নজরে এসেছে, কিছু দালাল ও অসাধু এজেন্সি অনুমতি ছাড়াই মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের নির্দেশনা ও অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের মেডিকেল পরীক্ষা করতে বা করাতে পারবে না।
এ কারণে কর্মীদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন এমন প্রস্তাবে সাড়া না দেন। অনুমোদন নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
এজেন্সিগুলোর জন্য নির্দেশনা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিতে হবে। একই সঙ্গে জমা দিতে হবে ভিডিআর ভিসার কাগজপত্রও।
অমান্য করলে যা হতে পারে
নির্দেশনা অমান্য করলে মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ক্ষেত্রে মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ হতে পারে। সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগের কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদনও বাতিল হতে পারে।
অভিযোগ জানানোর সুযোগ
অবৈধ বা অনুমোদনহীন মেডিকেল পরীক্ষার তথ্য জানা থাকলে তা মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রমাণ উল্লেখ করতে হবে।
কর্মীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়ম বন্ধে মন্ত্রণালয় নজরদারি চালিয়ে যাবে। কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টার—সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে সতর্ক করা হয়েছে।
চলমান বার্তা ডেস্ক : 



















