নিজেদের মিশরীয় ফরোয়ার্ড হামজা আব্দেলকরিমের ভবিষ্যৎ নিশ্চিত করেছে বার্সেলোনা। ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি।
১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড আগামী ১৫ সেপ্টেম্বর ক্লাবের কার্যালয়ে সভাপতি জোয়ান লাপোর্তার উপস্থিতিতে নতুন চুক্তিতে সই করবেন। এরপর তিনি ক্লাবের বাণিজ্যিক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন।
মিশরের ফুটবলে বেড়ে ওঠার সময় থেকেই আলোচনায় ছিলেন হামজা। তার গোল করার সহজাত ক্ষমতার কারণে তাকে ডাকা হতো ‘মিশরের হালান্ড’ নামে। এই পরিচিতি নিয়েই তিনি জায়গা করে নেন বার্সেলোনার যুব একাডেমিতে।
একাডেমিতে থাকাকালে মন্টেকার্লোর বিপক্ষে ৯-০ গোলের এক ম্যাচে হ্যাটট্রিক করে নজর কাড়েন তিনি। ওই জয়ে বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দল জিতে নেয় ‘ডিভিশন দ’অনার’ শিরোপা।
এই পারফরম্যান্সের পরই ২০২৬ সালের গ্রীষ্মে হামজার সঙ্গে স্থায়ী চুক্তি করে বার্সেলোনা। এরপর কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রাক-মৌসুম প্রস্তুতিতেও নজরকাড়া পারফরম্যান্স দেখান তিনি। চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা হন হামজা, যা তাকে মূল দলের পরিকল্পনায় নিয়মিত জায়গা করে দেয়।
গত ৩১ আগস্ট স্পোটিফাই ক্যাম্প ন্যুতে রায়ো ভায়েকানোর বিপক্ষে মূল দলে অভিষেক হয় হামজার। একাডেমি থেকে মূল দলে তার এই দ্রুত উত্থান এখন নতুন চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল। এই চুক্তির ফলে ২০৩০ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতেই থাকছেন তিনি।
শিরোনাম :
বার্সেলোনায় ২০৩০ সাল পর্যন্ত থাকছেন ‘মিশরের হালান্ড’ খ্যাত হামজা
-
স্পোর্টস ডেস্ক : - আপডেট সময় ০১:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- 125
জনপ্রিয় সংবাদ











