বৈশ্বিক জ্বালানি সংকট দ্রুত কেটে গেলে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মেহেরপুরে এ কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। সেখানে জ্বালানি তেলের দাম, বিদ্যুৎ বিতরণ ও কৃষির ওপর সম্ভাব্য প্রভাবের প্রসঙ্গ ওঠে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিদেশ থেকে জ্বালানি তেল আমদানি করে। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, আর তার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এ কারণেই সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে জানান তিনি। তবে বৈশ্বিক সংকট দ্রুত কেটে গেলে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হবে।
বিদ্যুৎ বিতরণে বৈষম্যের বিষয়ে এক প্রশ্নের উত্তরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অতীতে বিদ্যুৎ বিতরণে বৈষম্য ছিল। ভবিষ্যতে সেই বৈষম্য দূর করা হবে।
জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষিতে এর প্রভাব পড়বে কি না, এ প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, সাময়িকভাবে কৃষির ওপর প্রভাব পড়তে পারে।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
পরে দুপুর ১২টার দিকে মেহেরপুর টাউন হলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন অনিন্দ্য ইসলাম অমিত। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চলমান বার্তা ডেস্ক : 



















