অধিকৃত পশ্চিম তীরে সফরকালে মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রো খান্না সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বাধার মুখে পড়েছেন। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্রে তৈরি এম–৪ রাইফেল হাতে একদল বসতি স্থাপনকারী তাঁকে ও তাঁর সফরসঙ্গীদের পথরোধ করে প্রায় এক ঘণ্টার বেশি সময় আটকে রাখে।
রো খান্না সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, তাঁরা পশ্চিম তীরের খিরবেত জানুতা গ্রামে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়েছিলেন। সেখানে বসতি স্থাপনকারীরা অস্ত্র তাক করে তাঁদের চলাচল বন্ধ করে দেয়। তাঁর ভাষ্য, ঘটনাস্থলে ইসরায়েলি সেনারা পৌঁছালেও তাঁরা মার্কিন প্রতিনিধিদলের নিরাপত্তা নিশ্চিত করার বদলে বসতি স্থাপনকারীদের পক্ষেই অবস্থান নেয়।
সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রো খান্না বলেন, তাঁরা এমন একটি ফিলিস্তিনি গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন, যেখানে ঘরবাড়ি, বিদ্যালয় ও অবকাঠামো ধ্বংসের অভিযোগ রয়েছে। তাঁর সহকারী ক্যামেরন ক্যাসকি জানান, অবরুদ্ধ অবস্থায় তাঁরা জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে স্থানীয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে তাঁরা সেখান থেকে বের হতে সক্ষম হন।
তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বসতি স্থাপনকারীদের মাধ্যমে একটি গাড়ি আটকে রাখার ঘটনা ঘটেছিল। তাদের দাবি, সেনারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে গাজা যুদ্ধ এবং পশ্চিম তীরে ইসরায়েলের নীতিকে ঘিরে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছে। রয়টার্স/ইপসোসের এক জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০১৮ সালে যেখানে এ সমর্থন ছিল ৫৯ শতাংশ, চলতি বছরের মে মাসে তা নেমে এসেছে ২২ শতাংশে।
ঘটনাটি পশ্চিম তীরে নিরাপত্তা পরিস্থিতি, বসতি স্থাপনকারীদের ভূমিকা এবং যুক্তরাষ্ট্র–ইসরায়েল সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা উসকে দিয়েছে।
শিরোনাম :
পশ্চিম তীরে মার্কিন কংগ্রেস সদস্য রো খান্নাকে অস্ত্রের মুখে অবরুদ্ধ
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ০১:৪৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- 11
ট্যাগস
আইডিএফ ইসরায়েল এম-৪ রাইফেল পশ্চিম তীর পশ্চিম তীরে মার্কিন কংগ্রেস সদস্য রো খান্নাকে অস্ত্রের মুখে অবরুদ্ধ ফিলিস্তিন বসতি স্থাপনকারী মধ্যপ্রাচ্য মার্কিন কংগ্রেস যুক্তরাষ্ট্র রো খান্না
জনপ্রিয় সংবাদ





















