সারা দেশে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে এ সব তেল জব্দ করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, জব্দকৃত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি, যার পরিমাণ ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার।
এছাড়া অভিযানে অকটেন ৩০ হাজার ৯৬০ লিটার ও পেট্রোল ৭০ হাজার ৫৪ লিটার জব্দ করা হয়েছে।
জ্বালানি বিভাগ জানায়, অবৈধ মজুত, পাচার ও সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।
নিজস্ব প্রতিবেদক 












