জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে নিউইয়র্কে বুধবার (২৩ সেপ্টেম্বর) কাটল প্রধানমন্ত্রী তারেক রহমানের ঠাসা কর্মসূচির একটি দিন। একদিকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আরও পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান। এর ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বোয়িংয়ের সঙ্গে একটি চুক্তিও সই হয়েছে।
দিনশেষে নিউইয়র্কে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে এসব কার্যক্রমের বিবরণ তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সদস্য এবং জাতিসংঘে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা।
রোহিঙ্গা সংকট: পাঁচ দফা প্রস্তাব
স্থানীয় সময় বেলা ১১টায় জাতিসংঘ সদর দপ্তরের ১১ নম্বর কক্ষে বসেছিল রোহিঙ্গা সংকটবিষয়ক উচ্চপর্যায়ের পার্শ্ব-অনুষ্ঠান। বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনের এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, কয়েক দশক ধরে মিয়ানমারে রোহিঙ্গারা চরম বৈষম্য, নিপীড়ন ও বঞ্চনার শিকার হয়ে আসছে।
তাঁর পাঁচ প্রস্তাবের সারকথা এই:
- আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরি করতে হবে।
- রোহিঙ্গাসহ মিয়ানমারের বেসামরিক মানুষের ওপর সব ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে।
- রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত ও পূর্বানুমেয় মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্যও আন্তর্জাতিক সহায়তা বজায় রাখতে হবে, যাতে কক্সবাজারের মানুষের উন্নয়নের আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত না হয়।
- টেকসই প্রত্যাবাসনের জন্য ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠা অপরিহার্য। এ প্রসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে জবাবদিহি নিশ্চিতের প্রচেষ্টায় গাম্বিয়ার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক অপরাধ আদালতসহ অন্যান্য আন্তর্জাতিক বিচার ও তদন্ত ব্যবস্থার ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন।
- মাদকভিত্তিক অর্থনীতি, মানবপাচার, ডিজিটাল প্রতারণা, অবৈধ অস্ত্র ব্যবসাসহ আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে।
বক্তব্যে তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭৮ সাল থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। ১৯৮০-এর দশকেও কয়েক দফায় রোহিঙ্গারা এসেছেন। তৎকালীন সরকারগুলোর আমলে কিছু রোহিঙ্গাকে ফেরত পাঠানোর ব্যবস্থাও হয়েছিল। ২০১৭ সালে মিয়ানমারে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও মারাত্মক হয়ে ওঠে।
প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, নয় বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ মানবিক দায়িত্ব পালন করে আসছে। এখন দেশে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছেন, আর মিয়ানমারে চলমান সহিংসতার কারণে এখনও মানুষ সেখান থেকে পালিয়ে আসছে। প্রতিবছর শিবিরগুলোতে হাজার হাজার শিশুর জন্ম হচ্ছে। ফলে দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির সঙ্গে যুক্ত হচ্ছে নতুন একটি প্রজন্ম। তিনি বলেন, মায়েরা সন্তানদের নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, তরুণেরা বড় হচ্ছে চরম অনিশ্চয়তায়, আর প্রবীণেরা ফেলে আসা ঘরবাড়ি ও গ্রামের স্মৃতি বুকে নিয়ে ফেরার আকুল আকাঙ্ক্ষা পোষণ করছেন।
শিবিরগুলোতে খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তাঁর ভাষ্য, প্রায় ছয় হাজার লার্নিং সেন্টারে রোহিঙ্গা শিশুরা মিয়ানমারের পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষা পাচ্ছে। তরুণদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণও চলছে, যাতে ভবিষ্যতে রাখাইন রাজ্যে তাঁরা পুনরায় মিশে যেতে পারেন। তবে শিবির যতই উন্নত করার চেষ্টা হোক, এগুলো দীর্ঘমেয়াদে বসবাসের আদর্শ জায়গা নয়। বাংলাদেশের ওপর সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ বাড়ছে, আর এর তীব্র প্রভাব পড়ছে কক্সবাজারের স্থানীয় মানুষের ওপরও।
মানবিক সহায়তার ঘাটতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, ২০২৫ সালের যৌথ সাড়াদান পরিকল্পনায় (জেআরপি) ৯৩৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি সহায়তা চাওয়া হয়েছিল। ২০২৬ সালের জন্য তা কমিয়ে প্রায় ৭১০ মিলিয়ন ডলারে নামানো হয়েছে, যা দিয়ে কেবল ন্যূনতম জীবনরক্ষাকারী প্রয়োজন মেটানো সম্ভব। তাঁর ভাষায়, প্রয়োজন যত বাড়ছে, মানবিক সহায়তার জীবনরেখা ততই সংকুচিত হচ্ছে।
রাখাইনের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গারা এখনও নির্বিচারে আটক, চলাচলে বিধিনিষেধ, জোরপূর্বক শ্রম ও নিরাপত্তাহীনতাসহ নির্যাতনের শিকার হচ্ছেন। মিয়ানমারের সামরিক বাহিনী এবং ‘আরাকান আর্মি’—উভয়ের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ রয়েছে। তাঁর মতে, এ কারণে সেখানে এখনও নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, আর এর টেকসই সমাধানও মিয়ানমারেই নিহিত।
বক্তব্যের শেষ দিকে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ চায় না রোহিঙ্গারা চিরকাল বাস্তুচ্যুত অবস্থায় থাকুক। আমরা চাই, তারা নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদার সঙ্গে এবং তাদের অধিকার সুরক্ষিত রেখে মিয়ানমারে নিজ ঘরে ফিরে যাক। বাংলাদেশ মানবিকতার সঙ্গে তার দায়িত্ব পালন করেছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়কেও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে তার দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনীয় পরিস্থিতি সৃষ্টি করা হলে বাংলাদেশ তাদের প্রত্যাবাসনে সহায়তা করতে প্রস্তুত থাকবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, গাম্বিয়ার উপরাষ্ট্রপতি মুহাম্মদ বি এস জ্যালো এবং মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ। মূল বক্তব্য দেন জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ। অন্য বক্তাদের মধ্যে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাদজা লাহবিব, ওআইসি মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, সৌদি আরব, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার প্রতিনিধিরা। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ইউএনএফপিএ, ওএইচসিএইচআর ও আইওএমের শীর্ষ কর্মকর্তারাও বক্তব্য দেন।
জলবায়ু: ‘ন্যায্য উত্তরণ’-এর ডাক
একই দিনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বানে ‘জলবায়ু পদক্ষেপ ও ন্যায্য উত্তরণ বিষয়ক উচ্চপর্যায়ের সভা’ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে দেশটি বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ।
তিনি জানান, এই শতাব্দীর শেষ নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে উপকূলীয় এলাকার ১২ থেকে ১৮ শতাংশ পর্যন্ত পানিতে তলিয়ে যেতে পারে। এতে কোটি কোটি মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ জিডিপির ১ শতাংশের সমান, আর খাদ্যনিরাপত্তাও গুরুতর ঝুঁকিতে। এ বছরের বাজেটে জলবায়ু অভিযোজনের জন্য প্রায় ৩ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ রাখা হয়েছে। তবু আন্তর্জাতিক সহায়তা ছাড়া বড় ক্ষতির ঝুঁকি থেকে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
নিজেদের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা আছে। পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা ও ভূগর্ভস্থ পানির পুনর্ভরণে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন চলছে। পাশাপাশি পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজের মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটানোর লক্ষ্য রয়েছে। এ ছাড়া পাটজাত পণ্য, পরিবেশবান্ধব পরিবহণ, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন ও সার্কুলার অর্থনীতির উদ্যোগসহ সবুজ শিল্পের প্রসার ঘটানো হচ্ছে, আর গড়ে তোলা হচ্ছে জাতীয় কার্বন বাজার। তবে এককভাবে এই লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে তিনি মনে করেন। ‘অভিন্ন কিন্তু পৃথক দায়িত্ব ও নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে সম্মিলিত পদক্ষেপকে তিনি অপরিহার্য বলেছেন।
সভায় প্রধানমন্ত্রী পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান জানান:
- প্যারিস চুক্তিতে নির্ধারিত ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা বজায় রাখতে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো।
- জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অভিযোজন খাতে পূর্বানুমেয় ও সহজলভ্য অর্থায়ন নিশ্চিত করা।
- জলবায়ু-স্মার্ট প্রযুক্তিতে আরও বেশি প্রবেশাধিকার দিয়ে ন্যায্য ও সমতাভিত্তিক উত্তরণ সম্ভব করা।
- সহজলভ্য অর্থায়ন, সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো।
- ক্ষয়ক্ষতি ও লোকসান তহবিলের পূর্ণ বাস্তবায়ন এবং নিয়মিত অর্থ পুনঃপূরণ নিশ্চিত করা।
বক্তব্যের শেষে তিনি বলেন, বাংলাদেশ এমন অংশীদারত্ব প্রত্যাশা করে, যা তার পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে। ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’
দ্বিপক্ষীয় বৈঠক ও বোয়িং চুক্তি
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজম্যানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী জনস্বাস্থ্য, শিশু ও মাতৃমৃত্যু হ্রাস, মিডওয়াইফারি নীতি, কৃষিতে প্রযুক্তির ব্যবহার এবং ভ্যাকসিন উৎপাদনে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন।
পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে তিনি ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষ জনশক্তি রপ্তানির মতো ক্ষেত্রে একসঙ্গে কাজ করার বিষয়ে দুই নেতা ঐকমত্যে পৌঁছান।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশি কন্টেইনারবাহী জাহাজের নিরাপত্তা ও জ্বালানি সংকট মোকাবিলার প্রসঙ্গ আলোচনায় আসে। বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ নিরপেক্ষ ও গঠনমূলক ভূমিকা রাখবে বলেও বৈঠকে উল্লেখ করা হয়।
এদিনই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য আরও ১১টি উড়োজাহাজ কেনার লক্ষ্যে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই হয়। মার্কিন সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের উপস্থিতিতে হওয়া এই চুক্তির মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
সামনে সাধারণ পরিষদের ভাষণ
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। বাংলাদেশ সময় তখন ভোর রাত ৩টা। এই ভাষণ তিনি দেবেন বাংলা ভাষায়।
চলমান বার্তা ডেস্ক : 




















