গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ কর্মসূচি শুরু হয়। মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পরিস্থিতির কারণে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার আন্দোলনে নামেন। সেদিন শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ওই ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হন।
এরপর বৃহস্পতিবার আহত এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। সেই খবরেই শনিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কারখানার কাছেই মহাসড়কে অবস্থান নিয়ে তাঁরা সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা। তাঁরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। তবে এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে আটকা পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। অনেককে গাড়ি ছেড়ে পায়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা হতে দেখা গেছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, একজনের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। তবে তাঁদের মূল দাবি বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিক সড়কে নেমেছেন বলেও তিনি জানান।
চলমান বার্তা ডেস্ক : 




















