দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির তালিকায় আরও একটি দিন যুক্ত হয়েছে। নির্বাহী আদেশে ২২ অক্টোবর, বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করেছে সরকার। এতে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার নির্বাহী আদেশের মাধ্যমে এই ছুটি অনুমোদন করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর, মঙ্গলবার নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত আছে। বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর, বুধবার সাধারণ ছুটি। এর সঙ্গে নতুন করে যোগ হলো ২২ অক্টোবরের ছুটি। এরপর ২৩ ও ২৪ অক্টোবর, অর্থাৎ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত একটানা ছুটি থাকছে।
এ কারণে পূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আলাদা করে ছুটি নিতে হবে না।
চলতি বছরের পূজার সূচি অনুযায়ী মহালয়া ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
সরকারি ছুটির আওতাভুক্ত প্রতিষ্ঠানের পাশাপাশি সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানেও ছুটির প্রভাব পড়বে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।
চলমান বার্তা ডেস্ক : 



















