নিউইয়র্কে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে, যেখানে প্রধানমন্ত্রী অবস্থান করছেন, এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক।
বৈঠকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে গুরুত্বের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন সহকারী প্রেস সচিব। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি এবং এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনার বিষয়টিও উঠে এসেছে বৈঠকে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই। মানবিক বিবেচনা থেকেই বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
দ্বিপাক্ষিক এই বৈঠকে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বারহাম সালিহ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন।
একই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে অংশ নেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে এই নৈশভোজের আয়োজন করেন। জাতিসংঘভুক্ত বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাদের সহধর্মিণীরাও এতে উপস্থিত ছিলেন।
এর আগে সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে এক প্রাতরাশের আয়োজন করেন, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানও অংশ নেন।
আব্দুল্লাহ আল রাহাত ,ঢাকা 



















