শিল্প-কারখানায় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।
সোমবার সচিবালয়ে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও এমসিসিআইসহ মোট ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ফজলুল হক জানান, শিল্প খাতে সাম্প্রতিক সময়ে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তা থেকে দ্রুত উত্তরণের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, মঙ্গলবার রাত থেকেই গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নতুন সংকটের আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে। ফজলুল হকের ভাষায়, এদিনের বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি এবং সবচেয়ে স্বস্তিদায়ক বার্তা ছিল এটিই।
তবে ব্রিফিংয়ে ‘আগের অবস্থা’ বলতে ঠিক কোন সময়কালের সরবরাহ পরিস্থিতিকে বোঝানো হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। সাংবাদিকরা বিষয়টি নিয়ে প্রশ্ন করলেও সরাসরি জবাব মেলেনি ব্রিফিংয়ে। পরে আলাদাভাবে জানতে চাইলে ফজলুল হক বলেন, আগস্ট মাসে যে সংকট ঘনীভূত হয়েছিল, তার আগের পরিস্থিতির কথাই বোঝানো হয়েছে।
শিল্প মালিকদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং রপ্তানি আদেশ সময়মতো সরবরাহ করা কঠিন হয়ে পড়ছে। প্রধানমন্ত্রীর এই আশ্বাসের পর ব্যবসায়ী মহলে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা।
সম্পা সুত্রধর,ঢাকা 



















