দৃশ্যমান অবকাঠামো নির্মাণের চেয়ে মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করে—এমন প্রকল্পকেই অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থ, জবাবদিহি, দক্ষতা এবং দীর্ঘমেয়াদি জাতীয় প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
বুধবার রাজধানীর সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভায় স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের চলমান প্রকল্প এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত অননুমোদিত নতুন প্রকল্পগুলো পর্যালোচনা করা হয়, পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সেগুলো পুনর্বিন্যাসের বিষয়েও আলোচনা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
সভার শুরুতেই দুই বিভাগের ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের এডিপি সম্পর্কে একটি সামগ্রিক চিত্র তুলে ধরা হয়। এতে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি, বাস্তবায়নের পথে থাকা চ্যালেঞ্জ এবং কোন কোন ক্ষেত্রে পুনর্বিন্যাসের সুযোগ রয়েছে, তা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।
আলোচনায় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, কোনো প্রকল্প গ্রহণের সময় শুধু কাঠামোগত নির্মাণের দিকে না তাকিয়ে মানুষের প্রকৃত জীবনযাত্রায় তার প্রভাব কতটা, সেটিই বিবেচনায় রাখতে হবে। তার ভাষ্যে, জনপ্রিয়তা অর্জনের জন্য নয়, বরং মানুষের প্রকৃত ও স্থায়ী কল্যাণে কাজে আসবে—এমন প্রকল্পকেই বেছে নিতে হবে। আগামী পাঁচ, দশ কিংবা পঞ্চাশ বছর পর দেশ কোথায় পৌঁছাতে চায়, সেই দূরদর্শী লক্ষ্য মাথায় রেখেই পরিকল্পনা তৈরির আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, প্রকল্প তৈরির সময় বাস্তবতার নিরিখে সতর্কতা এবং ফলাফলনির্ভর মূল্যায়নের ওপর জোর দিতে হবে। নতুন প্রকল্প নেওয়ার পাশাপাশি প্রয়োজনে চলমান প্রকল্প সংশোধন করা, একাধিক সমজাতীয় প্রকল্পকে একীভূত করা কিংবা পুনর্বিন্যাসের মাধ্যমে বাস্তবায়নের গতি বাড়ানোর তাগিদ দেন তিনি। রাষ্ট্রীয় অর্থকে জনগণের কষ্টার্জিত সম্পদ আখ্যা দিয়ে তিনি বলেন, প্রতিটি টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করা জরুরি। এ জন্য সময়ানুবর্তিতা, মানসম্পন্ন কাজ, ব্যয়সাশ্রয় এবং জবাবদিহির প্রতি সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকার বিভাগকে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অবকাঠামো, নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা, স্থানীয় সরকার কাঠামো শক্তিশালীকরণ, গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এই বিভাগের অবদান অপরিসীম। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকভাবে ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
বর্জ্য ব্যবস্থাপনার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে হলে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার কোনো বিকল্প নেই। এ খাতে টেকসই ও সময়োপযোগী প্রকল্প নিয়ে তা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলেই বাস্তবে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে মন্তব্য করেন তিনি।
শিরোনাম :
মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ০৬:৩৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- 6
জনপ্রিয় সংবাদ




















