দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী ধাপ হিসেবে এবার স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনের সময়সীমা ও রূপরেখা নিয়ে নতুন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক রোডম্যাপ ইতোমধ্যে প্রস্তুত করেছে ইসি। এ মাসের শেষ নাগাদ এই রোডম্যাপ চূড়ান্ত করা হতে পারে।
উপদেষ্টা জানান, রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের অক্টোবর থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। পর্যায়ক্রমে বিভিন্ন ধাপে অনুষ্ঠিত এ নির্বাচন প্রক্রিয়া আগামী বছরের অক্টোবর মাসে গিয়ে সমাপ্ত হবে। অর্থাৎ, এক বছরের দীর্ঘ সময় নিয়ে পুরো নির্বাচনী কর্মযজ্ঞ সম্পন্ন করতে চায় কমিশন।
দীর্ঘ এই সময়সীমার বিষয়ে তিনি বলেন, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থেই কমিশন একটি সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করেছে। ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রতিটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ ও আইনি বাধ্যবাধকতার বিষয়গুলো মাথায় রেখেই নির্বাচনের এই খসড়া রোডম্যাপ সাজানো হয়েছে।
সব ধরনের প্রস্তুতি শেষে অক্টোবরেই নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে তিনি আশ্বস্ত করেন। স্থানীয় সরকারের এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে এখন থেকেই প্রস্তুতি ও কৌশল নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন কবে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে, এখন সেটাই দেখার বিষয়।
চলমান বার্তা ডেস্ক : 





















