দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ এখনও কমেনি। গত ২৪ ঘণ্টায় এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে, একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৬১ জন রোগী।
রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, সাম্প্রতিক ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে, সংখ্যায় ৩০৭ জন। এরপরই রয়েছে খুলনা বিভাগ, যেখানে ভর্তি হয়েছেন ২৭৫ জন। বরিশাল বিভাগে ২০২ জন, চট্টগ্রামে ১৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৭৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে ১০৪ জন, ময়মনসিংহে ৯৩ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেট বিভাগে ছয়জন রোগী ভর্তি হয়েছেন বলে জানানো হয়েছে।
একই সময়ে মৃত্যু হওয়া ছয়জনের মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট ৫১ হাজার ৮৩৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৪ শতাংশ এবং নারীর হার ৩৭ দশমিক ৬ শতাংশ।
স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৯৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৪৮ হাজার ৯৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে তিন হাজার ৫৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জনসাধারণকে বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
চলমান বার্তা ডেস্ক : 



















