বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ব্যাপক ডিজিটাল রূপান্তরের পথে হাঁটতে শুরু করেছে। ডিজিটাল টিসিবি কার্ড, ‘উপকারী’ মোবাইল অ্যাপ, অনলাইন ডিলার ব্যবস্থাপনা, অল-ইন-ওয়ান পিওএস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক রিয়েল-টাইম মনিটরিং—এই পাঁচ স্তম্ভের ওপর ভর করে সংস্থাটি তার পণ্য বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তুলতে চাইছে।
বৃহস্পতিবার রাজধানীতে টিসিবির সম্মেলনকক্ষে এই ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, যিনি স্বাগত বক্তব্যও দেন।
বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের সরবরাহ ব্যবস্থাপনা এখনও পুরোপুরি নিরবচ্ছিন্ন হয়ে ওঠেনি। উৎপাদক পর্যায় থেকে পণ্য রাজধানী বা শহরের খুচরা বাজারে পৌঁছানোর পথে প্রায়ই দামের বড় ব্যবধান তৈরি হয়, আবার সাময়িক সরবরাহ ঘাটতিও বাজারে অস্থিরতা ডেকে আনে। এই বাস্তবতায় স্বল্প আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে টিসিবির ভূমিকাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন। তাঁর ভাষায়, প্রযুক্তির ব্যবহার সেবায় স্বচ্ছতা বাড়াবে এবং প্রকৃত উপকারভোগীর কাছে সরকারি ভর্তুকি পৌঁছে দেওয়া সহজ করবে।
নতুন ‘উপকারী’ মোবাইল অ্যাপের মাধ্যমে উপকারভোগীরা প্রচলিত কার্ডের পাশাপাশি নিরাপদ ডিজিটাল মাধ্যমেও সেবা নিতে পারবেন। ডিজিটালি স্বাক্ষরিত ও এনক্রিপ্টেড কিউআর কোডের সাহায্যে উপকারভোগীর পরিচয় ও পণ্য পাওয়ার যোগ্যতা যাচাই করা হবে, ফলে কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও প্রকৃত উপকারভোগী নির্ধারিত পণ্য থেকে বঞ্চিত হবেন না।
ডিলার নিয়োগ প্রক্রিয়াকেও ডিজিটাল রূপ দেওয়া হচ্ছে। অনলাইন ডিলার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আবেদন গ্রহণ, তথ্য সংরক্ষণ ও নিয়োগ প্রক্রিয়া আরও নিয়মতান্ত্রিক হবে। প্রয়োজনের তুলনায় আবেদনকারী বেশি হলে ডিজিটাল লটারির মাধ্যমে ডিলার বাছাই করা হবে, আর অনলাইন পেমেন্ট কালেকশন চালুর মাধ্যমে আর্থিক লেনদেনও সহজ হয়ে উঠবে।
নজরদারির ক্ষেত্রেও যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অল-ইন-ওয়ান পিওএসের মাধ্যমে পণ্য বিক্রি, বায়োমেট্রিক যাচাই, অনলাইন পেমেন্ট ও তাৎক্ষণিক বিক্রয় রশিদ প্রদানের ব্যবস্থা থাকবে। এআইভিত্তিক রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থার মাধ্যমে কোন এলাকায় কত পণ্য বিক্রি ও বিতরণ হচ্ছে এবং কোথাও অনিয়ম ঘটছে কি না, তা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। পাশাপাশি চালু হচ্ছে এআইভিত্তিক যোগাযোগকেন্দ্র, যাতে উপকারভোগীরা দ্রুত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পেতে পারেন।
অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে প্রায় ৫৯ লাখ অযোগ্য আবেদনকারীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যার মধ্য দিয়ে তৈরি হয়েছে একটি যাচাই করা ডিজিটাল ডাটাবেস। বর্তমানে প্রায় ৭৯ লাখ মানুষ টিসিবির সেবার আওতায় রয়েছেন, ভবিষ্যতে যা এক কোটিতে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
তিনি আরও জানান, চলতি অর্থবছরে টিসিবির বিভিন্ন উদ্যোগ ও ডিজিটাল রূপান্তরের ফলে গত বছরের তুলনায় প্রায় ৩০০ থেকে ৩৫০ কোটি টাকার ভর্তুকি সাশ্রয় হতে পারে বলে আশা করা হচ্ছে। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার, সঠিক উপকারভোগী নির্বাচন এবং কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে ভর্তুকির অপচয় আরও উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার লক্ষ্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বক্তব্যের শেষে তিনি মন্তব্য করেন, প্রযুক্তি হবে মানুষের জন্য, আর সেবা হবে সহজ, স্বচ্ছ ও মর্যাদাপূর্ণ।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পরে বাণিজ্যমন্ত্রী অতিথিদের সঙ্গে নিয়ে টিসিবির ডিজিটাল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
চলমান বার্তা ডেস্ক : 




















