জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে তিনি ভাষণ দেবেন বলে জানা গেছে।
রোববার এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে বিস্তারিত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিনি বলেন, ২২ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। ওই দিন সকালে জাতিসংঘ মহাসচিবের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে দেওয়া স্বাগত প্রাতঃরাশে অংশ নেবেন তিনি, এরপর যোগ দেবেন সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে। সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত সংবর্ধনায়ও তার অংশগ্রহণের কথা রয়েছে।
২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে ও স্পেনের উদ্যোগে আয়োজিত বৈশ্বিক বৈষম্য সংক্রান্ত এক সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। একই দিন তিনি অংশ নেবেন জলবায়ু বিষয়ক এক উচ্চ পর্যায়ের আলোচনায়।
২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত ঝুঁকি নিয়ে এক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী, যেখানে জলবায়ু অর্থায়ন ও ক্ষতিপূরণ প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। বিকেলে সাধারণ বিতর্ক পর্বের ভাষণে গণতান্ত্রিক অগ্রগতি, আইনের শাসন, বিশ্বশান্তি, রোহিঙ্গা সংকট ও প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহারের মতো বিষয় গুরুত্ব পাবে বলে জানানো হয়েছে।
সফরকালে দুটি সাইড ইভেন্টেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে এক অনুষ্ঠানে দ্রুত প্রত্যাবাসনের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন তিনি। পরদিন মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যবিষয়ক আরেকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
সফরে কুয়েতের ক্রাউন প্রিন্সসহ ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে রাজনৈতিক-অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার।
অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে নিউইয়র্কে ওয়াল স্ট্রিট ও মেটার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী, যেখানে বিনিয়োগ পরিবেশ, প্রযুক্তি খাতের সম্ভাবনা ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব।
শিরোনাম :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
-
আব্দুল্লাহ আল রাহাত,ঢাকা - আপডেট সময় ০৩:১৫:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- 12
জনপ্রিয় সংবাদ




















